এর আগে ব্রিগেডের জনগর্জন সভা থেকে তাঁকে শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেবারও নাম না করেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বলেছিলেন, “কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর”। আর এবারও নাম না করেই ফের একবার বিজেপি প্রার্থীকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।
গতকাল, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল তিনি সভা করেছিলেন মাথাভাঙাতে। আর আজ, শুক্রবার কোচবিহারের প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে সভা করেন মমতা। গতকালই কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন মোদী।
আর আজ সেই তোপের পাল্টা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি শাসিত রাজ্যের দুর্নীতি নিয়ে কথা বলার প্রসঙ্গে উঠে আসে চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গও। সেই সময়ই নাম না করেই তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
কী বললেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
মমতা (Mamata Banerjee) বলেন, “দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী করলেন, তারপর তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওর বিরুদ্ধে এক জন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক”।
অভিজিতের নাম না নিয়েই মমতা (Mamata Banerjee) বলেন, “আপনি বিচার দিয়ে অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এবার আপনার বিচার করুক জনগণ। এবার জনগণ আপনার চাকরি খাবে, বিচার দিয়ে। এটা জনগণের আদালত”।
প্রসঙ্গত, বিচারপতি থাকাকালীন একাধিকবার রাজ্য সরকারকে নানান তোপ দেগেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলার পর্যবেক্ষণে শাসক দলকে কটাক্ষ করেছেন। আর বিজেপি প্রার্থী হওয়ার পর থেকে সেই আক্রমণের ঝাঁঝ আরও বেড়েছে। এবার প্রাক্তন বিচারপতিকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।





