WB Election 2021: সকাল থেকে বাড়িতে বসেই নজরদারি, অবশেষে দুপুরে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের দিকে মমতা

তাঁর প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী যখন সকাল থেকেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টহল দিয়ে বেড়াচ্ছেন, সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও যখন বেশ সক্রিয় নন্দীগ্রামে, সেখানে তাঁর দেখা কিন্তু মিলল না। দেখা মিলল তবে বেলা গড়াতে। ভোট পরিদর্শনে অবশেষে বেলা একটার সময় রেয়াপাড়ার বাড়ি থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা সকাল থেকে কার্যত ঘরে বসেই ভোট পরিচালনা করেছেন তিনি।

এদিকে, এদিন সকাল সকালই নন্দনায়েকবাড়ের বুথে গিয়ে ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর ফের তৃণমূল সুপ্রিমোকে একপ্রস্থ আক্রমণ শানান তিনি। কখনও তিনি তাঁকে বলতে শোনা গিয়েছে যে নানান বুথে তৃণমূলের কোনও এজেন্ট নেই। আবার কখনও বলেছেন মমতাকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছেন। আবার কখনও দাবী করেছেন যে, “ভোটে বেগম হারছে। ৩০টা আসনও জিতবে না তৃণমূল”।

আরও পড়ুন- বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, মেরে তাড়িয়ে দিচ্ছে তৃণমূল, অভিযোগ ভারতী ঘোষের 

প্রতিপক্ষ যখন একের পর তীর বিঁধছেন, তখন কার্যত ‘নীরব’ ছিলেন মমতা। দুপুর পর্যন্ত বাইরে বেরোতে দেখা যায়নি তাঁকে। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ঘরে বসে সকাল থেকে প্রতিটা মুহূর্ত নজর রেখেছেন তিনি। রেয়াপাড়ায় নিজের বাড়িতে বসেই কার্যত ভোট পরিচালনা করেছেন তিনি।

নানান বুথে তৃণমূল কর্মীদের যা যা দায়িত্ব দেওয়া হয়েছে, সেসব তারা ঠিকমতো পালন করছে কী না, কোথাও কোনও সমস্যা হচ্চেহ কী না, সবটাই ঘরে বসে নজর রেখেছেন তিনি। এরপর দুপুর একটার পর প্রথমবার বুথের উদ্দেশে যেতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, সোনাচূড়া, বয়াল, গোকুলনগরের বুথ পরিদর্শনে যাচ্ছেন তিনি। তবে এর মধ্যে আরও একটি চমকপ্রদ খবর পাওয়া গেল যে, মুখ্যমন্ত্রী আজ নন্দীগ্রামেই থাকবেন। কথা ছিল, মুখ্যমন্ত্রী আজই কলকাতা ফিরে আসবেন। কিন্তু তেমনটা হচ্ছে না। ইভিএম স্ট্রংরুমে যাওয়া না পর্যন্ত তিনি নন্দীগ্রাম ছাড়তে নারাজ।

আরও পড়ুন- ‘ওনার সঙ্গে মানুষও নেই, দলের কর্মীরাও নেই, তাই পুলিশের ভয় দেখাচ্ছেন’, মমতাকে তীর বিঁধলেন দিলীপ

তবে ভোটের দিন সকালে মমতাকে নীরব থাকতে দেখা গেলেও, নীরব ছিলেন না তাঁর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। সকালে নন্দীগ্রাম থানায় একপ্রস্থ অভিযোগ জানিয়েছেন তিনি। কয়েকটি জায়গায় এজেন্টদের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। সকাল থেকে এখনও পর্যন্ত নন্দীগ্রামের মোট ১১টি বুথে এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ করেছে তৃণমূল।

RELATED Articles