Digha rath yatra: দিঘায় জগন্নাথের জন্য মুখ্যমন্ত্রীর উপহার, কালীঘাট থেকে এল বিশেষ ফল ও পোশাক!

দিঘার সৈকতের হাওয়ায় বইছে এক অন্য আবহ। ছুটির শহর এখন যেন পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় তীর্থক্ষেত্রে। কারণ, এই প্রথমবার দিঘার জগন্নাথ মন্দির থেকে গড়াতে চলেছে রথের চাকা। আর এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে জড়িয়ে পড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। উৎসবকে ঘিরে জনজোয়ারে ভেসেছে সমুদ্রতট। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা উপলক্ষে জমজমাট দিঘা।

বুধবারই দিঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা শুরুর ঠিক একদিন আগেই তিনি হাজির হন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। শুধুই কি খোঁজখবর নেওয়া? না, সঙ্গে করে এনেছিলেন একাধিক উপহারও। নিজ হাতে মন্দিরের সেবায়তদের হাতে তুলে দেন ফল ও পোশাকের ডালি। উপস্থিত ছিলেন ইসকনের (ISKCON Kolkata) ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এই মুহূর্তে দাঁড়িয়ে দিঘার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেই মনে করছেন অনেকেই।

জানা গিয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য আম, পেয়ারা ও বিশেষ পোশাক উপহার হিসেবে দেন মুখ্যমন্ত্রী। চমকপ্রদ তথ্য হল—এই ফল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির বাগানের। নিজে দাঁড়িয়ে থেকে ফল ও পোশাক সেবায়তদের হাতে তুলে দেন তিনি। এরপর পায়ে হেঁটে মন্দিরের ৭ নম্বর গেট থেকে ৩ নম্বর গেট পর্যন্ত গিয়ে রথের রাস্তার দৈর্ঘ্য ও বিস্তার পরিদর্শন করেন। রথ নির্মাণ ঠিকমতো হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন মমতা।

শুক্রবার সকাল ৯:৩০ থেকে শুরু হবে পুজোপাঠ। দুপুর ২টা থেকে ২:৩০-এর মধ্যে সম্পন্ন হবে আরতি। তারপরই পড়বে রথের রশিতে টান। মন্দির চত্বর ফুল দিয়ে সেজে উঠছে। গাঁদা ও বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে গোটা মন্দির এলাকা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পরানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নতুন পোশাক। পাথরের বিগ্রহ মন্দিরেই থাকবে, রথে থাকবেন নিমকাঠের বিগ্রহ।

আরও পড়ুনঃ India on Bangladesh Temple Demolition: দুর্গা মন্দির গুঁড়িয়ে দিল বাংলাদেশ, সরব ভারত! ইউনুস সরকারের ‘ব্যর্থতা’ নিয়ে তীব্র কটাক্ষ!

রথযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই মোতায়েন হয়েছে তিন হাজারের বেশি পুলিশ। চলছে ড্রোন এবং সিসিটিভি নজরদারি। মহিলা পুলিশ এবং সাদা পোশাকের আধিকারিকরাও টহল দিচ্ছেন। তৈরি রাখা হয়েছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালকে। রয়েছে দুটি মোবাইল হেলথ ইউনিট, ২০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স, এমনকি হেলিপ্যাডে রাখা হয়েছে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ও একটি হেলিকপ্টারও। মুখ্যমন্ত্রীর উপস্থিতি, উপহার, এবং সরকারি তত্ত্বাবধান—সব মিলিয়ে দিঘার রথযাত্রা হয়ে উঠেছে রাজ্যবাসীর গর্ব।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles