রাজ্যে আরও বেশি বিনিয়োগ টানতে উদগ্রীব মুখ্যমন্ত্রী, গৌতম আদানির ছেলের সঙ্গে নবান্নে বৈঠক মমতার

আগামী এপ্রিলে রয়েছে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এর আগে রাজ্যে আরও বিনিয়োগ টানার জন্য এবার আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ডিসেম্বরে মমতার সঙ্গে বৈঠকে রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এবার তাঁর ছেলে করণ আদানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বৈঠকে আদানি গোষ্ঠীর কর্ণধার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই ফলস্বরূপ বৃহস্পতিবারের এই বৈঠক।

প্রসঙ্গত, মমতার সঙ্গে বৈঠকের পর গৌতম টুইটে লেখেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমি ২০২২-এর এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি”।

রাজ্যে যাতে আরও বেশি বিনিয়োগ টানা যায়, এই কারণে আগামী ২০ ও ২১শে এপ্রিল বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনকে নজরে রেখেই গত ডিসেম্বরে মুম্বইয়ের শিল্প সম্মেলনে যোগ দিয়েছিলেন মমতা। মুম্বই সফরের আগে তিনি দিল্লিও গিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বাণিজ্য সম্মেলনের উদ্বোধনে তাঁকে আমন্ত্রণও জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

এর আগে রাজ্য সরকার আয়োজিত বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দেশ-বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা। রাজ্যে নানান ক্ষেত্রে বিনিয়োগও করেছেন তারা। ২০২২ সালের সম্মেলনেও দেশ-বিদেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন।

এই বছরের বাণিজ্য সম্মেলনের লক্ষ্য হল আগের চেয়ে আরও বড় আকারে এই সম্মেলন আয়োজন করা। এর পাশাপাশি শিল্প-সহ নানান ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ টানা। এই বিষয়টি নজরে রেখেই বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে রাজ্যের আলাপ-আলোচনায় এই অগ্রগতি নয়া মাত্রা যোগ করছে বলেই মনে করা হচ্ছে।

RELATED Articles