১২ দিনের সফরে স্পেন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য রাজ্যে লগ্নি টানা। আজ, মঙ্গলবার সফর শুরু তাঁর। দমদম বিমানবন্দর থেকে দুবাই হয়ে স্পেন যাবেন মমতা। ফের দুবাইয়ে সফর সেরে ফিরবেন বাংলায়। কিন্তু যাওয়ার সময়ই এদিন এক বিপত্তি ঘটে যায়।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ও তাঁর প্রতিনিধি দলের যে বিশেষ বিমান চেপে বিদেশ সফরে যাওয়ার কথা ছিল, তা দেড় ঘণ্টা লেট। আর তা ঠিক শেষ মুহূর্তে জানা যায়। এদিকে সকলেই নির্দিষ্ট সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে গিয়েছিলেন। সেই কারণে বসে বসে অপেক্ষা না করে বিমানবন্দরের বিশ্ব বাংলা স্টলে একবার ঢুঁ মেরে গেলেন মুখ্যমন্ত্রী।
বিমানবন্দরে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল টার্মিনালে বিশ্ববাংলা স্টোর রয়েছে। এই স্টলে মেলে শাড়ি, জামাকাপড়, কুর্তা ছাড়াও বাংলার হস্তশিল্প সামগ্রী। মা দুর্গার ডোকরা ও মাটির মূর্তি সবচেয়ে বেশি বিক্রি হয় এই স্টলে। দমদম বিমানবন্দর গেলে একবার এই স্টলে ঘরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝেমধ্যে উপহার দেওয়ার জন্য জিনিসপত্রও কেনেন। এবারও তেমনটাই হল।
বিমানের বিলম্বের কারণে বিশ্ব বাংলা স্টলে ঘুরে এলেন মমতা। সেখানে রাখা মাটির দুর্গামূর্তিতে চক্ষুদান করেন তিনি। আশেপাশের ছোটো মূর্তিতেও লাল রঙ তুলি দিয়ে টেনে দেন মা দুর্গার চোখ। তাঁর এই কাজে বেশ খুশিও হন স্টলের কর্মীরা। সকলে বলে ওঠে, “দুগ্গা দুগ্গা”।
এদিন বিশ্ব বাংলার দুটি স্টলই ঘুরে দেখেন মমতা। নানান হাতের কাজ ও শাড়ির বিভাগে যান। এরপর সাড়ে ১০টা নাগাদ বিশেষ বিমানে করে উড়ে যান দুবাইয়ের উদ্দেশে। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বারবার আসে। কিন্তু আমরাই কেউ যাই না। তাই ছোট্ট এই দেশটাকে বেছে নেওয়া হয়েছে। তা ছাড়া দুবাইতেও একটা বিজনেস সামিট রয়েছে”।
এই প্রসঙ্গেই মমতা বলেন, “প্রদীপ জ্বালার আগে প্রদীপে তেলটা তো ভরতে হবে, সলতেটা দিতে হবে। সেই জন্যই যাচ্ছি। দেখো না কী হয়।”
জানা গিয়েছে, আগামীকাল, বুধবার দুবাই থেকে মাদ্রিদগামী বিমান ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের টাবাসের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই সফরে লা লিগার সঙ্গে কলকাতার ক্লাবগুলির একটা মউ সাক্ষরিত হতে পারে।





