ভ্যালেন্টাইনস ডে (Valentines Day) অর্থাৎ প্রেম দিবসে পালন করুন ‘গরু আলিঙ্গন দিবস’ (Cow Hug Day)। ১৪ই ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড (Animal Welfare Board)। যদিও এর ৪৮ ঘণ্টার মধ্যেই সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এরপরও বিধানসভায় এই প্রসঙ্গ তুলে ফের একবার কেন্দ্র সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরুকে আলিঙ্গন করার প্রসঙ্গটি তুলে ধরেন বিধানসভায়। তিনি বলেন, “বলছে ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে জড়িয়ে ধরতে হবে। কিন্তু গরু যদি গুঁতিয়ে দেয়, তখন কী হবে”? এই প্রশ্ন করে নিজেই আবার সমাধানও বাতলে দিয়ে স্বাস্থ্যসাথীর কথা মনে করিয়ে দেন মমতা।
যদিও এক্ষেত্রেও কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি মু্খ্যমন্ত্রী। বলেন, গরুকে আলিঙ্গন করতে দিতে হবে ১০ লক্ষ টাকার বিমা। তাহলে নিশ্চিতভাবে আলিঙ্গন করা হবে। শুধু তাই-ই নয়, মহিষকে আলিঙ্গন করতে আবার ২০ লক্ষ টাকার বিমার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, কেন্দ্রে মোদী সরকার ক্ষমতা প্রতিষ্ঠা করার পর থেকেই বারবার গরু প্রসঙ্গ উঠে এসেছে খবরের শিরোনামে। গো-মাংস খাওয়া থেকে বিতর্ক, গোমূত্র পান নানান বিষয় নিয়ে বারবার শাসক-বিরোধী দ্বন্দ্ব সামনে এসেছে। এরই মধ্যে কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের তরফে একটি বিবৃতি দিয়ে আমজনতাকে আবেদন করা হয় যে ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারির দিন যাতে গরুকে আলিঙ্গন করেন সকলে।
পশু কল্যাণ বোর্ডের মত ছিল যে এই ‘গরু আলিঙ্গন দিবস’ পালন করলে গবাদি পশুর প্রতি মানুষের আবেগ বাড়বে। কিন্তু এই প্রস্তাবের পর থেকেই এই গরু আলিঙ্গন দিবস নিয়ে নানান সমালোচনা শুরু হয় গোটা দেশজুড়ে। গরুকে আলিঙ্গন করা নিয়ে বিজেপিকে নানানভাবে খোঁচা দেয় বিরোধীরা। এমন একের পর এক সমালোচনার মুখে পড়ে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়িয়ে এই প্রস্তাব প্রত্যাহার করে নেয় পশু কল্যাণ বোর্ড।





