মোদীকে হারাতে মরিয়া কংগ্রেস! প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক সোনিয়া গান্ধীর, পিকে’র কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল

২০২৪-এর লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বিজেপি বিরোধী দলগুলি ততই নিজেদের ঘুঁটি সাজাতে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ছে। জাতীয় রাজনীতিতে বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস নিজেদের অবস্থার আরও দৃঢ় করতে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, তা বলাই বাহুল্য। সূত্রের খবর, সভানেত্রী সোনিয়া গান্ধিয়াজ, শনিবার দিল্লির বাসভবনে একটি বৈঠকের আয়োজন করেছেন।

এদিনের এই বৈঠকের জন্য সোনিয়ার গান্ধীর বাসভবনে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে অম্বিকা সোনি, মল্লিকার্জুন খড়গে, জয়রাম রমেশের মতো ব্যক্তিত্বরা। তবে তাদের সকলের উপস্থিতি ছাপিয়ে প্রশান্ত কিশোরের এই বৈঠকে উপস্থিত থাকার খবর শিরোনামে উঠে এসেছে।

সূত্রের খবর অনুযায়ী, ভোটকুশলী প্রশান্ত কিশোর সশরীরে এই বৈঠকে উপস্থিত থাকবেন। এর ফলে খুব স্বাভাবিকভাবেই তাঁর কংগ্রেসের হয়ে কাজ করার বা কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা বেশ জোরালো হয়ে উঠেছে বলে ধরে নেওয়া যেতেই পারে।

এর আগে প্রশান্ত কিশোরকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, “যদি বিরোধী দলগুলি একটি সঠিক নীতি মেনে প্রস্তুতি শুরু করে, তবে ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা সম্ভব হবে”।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ও নিজেদের স্থান পুনরুদ্ধার করার তাগিদে কঠোর পদক্ষেপ নেবে কংগ্রেস। আর এর জন্যই ভোটকুশলী প্রশান্ত কিশোরকে দলে টানতে চাইছে তারা। কিছুদিন পরই রয়েছে গুজরাতে নির্বাচন। এমন আবহে কংগ্রেস যে গুজরাতে প্রশান্ত কিশোরকে বেশ বড় দায়িত্ব দিতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা হয়ত তেমন অর্থে নেই। তবে কংগ্রেসের হয়ে ভোটকুশলীর ভূমিকায় পিকে’কে দেখা যেতেই পারে। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ক্ষমতায় আসতে সাহায্য করেছে, তাতে পিকে’র চাহিদা এখন সর্বত্র।

তবে, সাম্প্রতিককালে প্রশান্ত কিশোরকে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান মন্তব্য করতে দেখা গিয়েছে। ফলে সত্যিই কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও ধরণের যোগসূত্র স্থাপন হতে চলেছে কী না, এখন সেটাই দেখার অপেক্ষা।

RELATED Articles