গত সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধন করে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেখানে অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ বানানো হয়েছে। এদিন উদ্বোধনে এসে হালকা করে হলেও রাজনীতি ছুঁয়ে গিয়েছেন শাহ। তোপও দেগেছিলেন রাজ্য সরকারকে। এবার সেই প্রসঙ্গে কথা উঠতেই বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ্’কে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা কোনও শিক্ষা জানে না”।
কী বলেছিলেন অমিত শাহ?
সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে শাহ বলেছিলেন, “অযোধ্যায় রামমন্দিরের দরজা খোলার আগেই উত্তর কলকাতা রামমন্দির নির্মাণ করে ফেলল। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ দিতে চাই”। এরপরই তিনি বলেন, বাংলাকে দুর্নীতি মুক্ত করতে যা প্রয়োজন, তা তিনি করবেন।
গতকাল, মঙ্গলবার ভারচুয়ালি মহম্মদ আলি পার্কের পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে মমতার কাছে কার্যত নালিশ জানান উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমার পাড়ায় এসে বলে গেলেন উত্তর কলকাতায় রাম মন্দির করে গেলাম। কেন বলবেন এসব? রাজনীতি করবেন না বলে এসব করে গেলেন। আমরা মুখ্যমন্ত্রী তো এসব বলেন না”।
কী বলেন মমতা?
এই নালিশের প্রেক্ষিতে মমতা বলেন, “আরে ছাড়ুন তো সুদীপদা। সব সময় এক কথা। ওরা শিক্ষা জানে না। সংস্কৃতি জানে না। রাম কেন অকাল বোধন করেছিলেন? অসুরকে পরাস্ত করতে। হারাতে। ওরা তো একটা পুজো করে। একটা পুজো নিয়েই থাক”।
মমতার এই মন্তব্যের জবাবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা বলেন, “রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের বাংলা ছেড়ে ১৬ লক্ষ ৪০ হাজার ছেলেমেয়ে কেন বেঙ্গালুরুতে চাকরি করতে যাচ্ছেন, স্যর বীরেনের রাজ্যে শিল্পপতিরা উত্তরপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ডে শিল্পের ঘোষণা করছেন”। তাঁর আরও মন্তব্য, “ওঁরা জানতে আসছেন, কী করে বাংলায় সরকার ডেঙ্গির মশা মারার বদলে মোদী-সরকারকে মারার পরিকল্পনায় ব্যস্ত”।






