গত বছর তিনদিন ধরে নানান মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার একদিনেই করবেন পুজোর উদ্বোধন। আগামী ১২ অক্টোবর কালীঘাটের বাড়িতে বসেই ভারচুয়ালি জেলার ৮৩৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকদের সঙ্গে কথাও হয়ে গিয়েছে।
কোন জেলায় কতগুলি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী?
উত্তর ২৪ পরগনা: ৫৭
দক্ষিণ ২৪ পরগনা: ৫০
হাওড়া: ৫১
নদিয়া: ৩৫
মুর্শিদাবাদ: ৩১
পূর্ব বর্ধমান: ৩৭
পশ্চিম বর্ধমান: ৩২
বীরভূম: ৩৩
হুগলি: ৩৭
পূর্ব মেদিনীপুর: ৩৯
ঝাড়গ্রাম: ৩৬
পশ্চিম মেদিনীপুর: ৪১
বাঁকুড়া: ৪১
পুরুলিয়া: ৪৭
মালদহ: ৪১
দক্ষিণ দিনাজপুর: ২৩
উত্তর দিনাজপুর: ৪০
দার্জিলিং: ৪০
কালিম্পং: ৮
জলপাইগুড়ি: ৬৩
আলিপুরদুয়ার: ১৯
কোচবিহার: ৩৫
কেন বাড়িতে বসেই উদ্বোধন?
আসলে, হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি যান স্পেন সফরে। সেখানে গিয়েও পায়ে চোট পান তিনি। স্পেন থেকে ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যান মমতা। পায়ের এমআরআই হয়। তাতে সমস্যা ধরা পড়ে। চিকিৎসা শুরু হয়েছে। সেই কারণেই আপাতত বেশি হাঁটাহাঁটি বা বাইরে ঘোরাফেরা করা বন্ধ তাঁর। সেই কারণেই এই ভার্চুয়াল উদ্বোধন।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতায় আসার পর দুর্গোৎসবকে এক অন্য মাত্রা পেয়েছে বলা যায়। ইউনেসকোর থেকে স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। বিশ্বের দরবারে বেশ চর্চিত হয়েছে বাংলার দুর্গাপুজো। বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যের নানান পুজো কমিটিগুলির পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার পায়ের চোটের কারণে একদিনেই ভারচুয়ালি ৮৩৬টি পুজোর করবেন তিনি।





