‘কেষ্টর মতো ছেলে হয় না’, তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতার মুখে অনুব্রত সম্পর্কে প্রশংসার বন্যা

আজ, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। এদিন মেয়ো রোডে ছিল ছাত্র পরিষদের সমাবেশ। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) প্রশংসায় বন্যা বইয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই-ই নয়, এদিন এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নামও শোনা যায় তৃণমূল নেত্রীর গলায়। তাঁর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত চলছে।

এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর পার্থর পাশে দাঁড়ায় নি তৃণমূল। মন্ত্রিত্ব থেকে তো বটেই, তৃণমূলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থকে। কিন্তু গরু পাচার কাণ্ডে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর কিন্তু তৃণমূলকে এমনটা করতে দেখা যায়নি। বরং অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে এক সভা থেকে মমতা প্রশ্ন তুলেছিলেন, “কেন গ্রেফতার করা হল কেষ্টকে”? আর এবারও ছাত্র পরিষদের মঞ্চ থেকে ফের অনুব্রতর গ্রেফতারি নিয়ে সোচ্চার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেষ্টর মতো সাহায্যকারী ছেলে হয় না”। তবে এদিন শুধু কেষ্ট নয়, পার্থ চট্টোপাধ্যায়ের নামও শোনা যায় তৃণমূল নেত্রীর মুখে। তিনি বলেন, “পার্থ কী করেছে আমি জানি না। সেটা বিচারাধীন, তবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। চক্রান্ত চলছে”।

এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা দাবী করেন যে ইডি, সিবিআই তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাঁর কথায়, “আজ অভিষেক এত ভাল বক্তৃতা দিল। আগামীকাল হয়তো অভিষেককে ডাকবে। ওর ২ বছরের বাচ্চাটাকেও ডাকতে পারে। এরপর হয়তো ববি, চন্দ্রিমা-সহ আরও অনেককে ডাকবে”। এরপরই আমজনতাকে উদ্দেশে করে মমতা বলেন, “কাল যদি ফিরহাদকে গ্রেফতার করা হয়, টাকা দেখানো হয়, জানবেন পুরোটা সাজানো”।

শুধু তাই-ই নয়, নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কের মাঝেই এদিন মঞ্চ থেকে গত ১১ বছরের নিয়োগের পরিসংখ্যান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাছাড়াও, তৃণমূলের নানান উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়েও কথা বলেন তিনি।

RELATED Articles