আর জি কর কাণ্ড নিয়ে গোটা রাজ্যে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। নানান স্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন। তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবীতে সরব সকলে। নানান তারকারাও প্রতিবাদ গড়ে তুলেছেন। এবার আর জি কর কাণ্ড তো বটেই তৃণমূল ও পুলিশকে নানান ঘটনায় দায়ী করে তীব্র কটাক্ষ করলেন মীরাক্কেল খ্যাত অপূর্ব রায়। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিলেন তিনি।
জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’ থেকে বেশ জনপ্রিয়তা পান অপূর্ব রায়। তাঁর হাস্যকৌতুক স্বভাবে মুগ্ধ সকলে। মানুষের মনে আনন্দ দিতে, তাদের হাসাতে সিদ্ধহস্ত তিনি। শুধুমাত্র কমেডিয়ান হিসেবেই নন, সমাজের নানান জনকল্যাণমূলক কাজেও তাঁর অবদান অনস্বীকার্য। করোনা কালে দুঃস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া থেকে তাদের নানানভাবে সাহায্য করা, সবটাই করেছেন তিনি। এবার তিনি মুখ খুললেন রাজ্য সরকারের বিরুদ্ধে।
সম্প্রতি সিপিএম বীরভূমের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে অপূর্ব রায়কে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে নানান মন্তব্য করতে শোনা গিয়েছে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। এরই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ শানিয়েছেন তিনি।
এই ভিডিওতে অপূর্বকে বলতে শোনা যায়, “কাটমানি, ছাটমানি, পাটমানি, সব কিছু কেটেছেঁটে এলাকার রাস্তায় কালো পিচ পড়ল। এক বর্ষায় সেই পিচ ধুয়ে কালীঘাটের দিকে বয়ে গেল। রাস্তার হাল এখন সন্দীপ ঘোষের মনের থেকেও খারাপ। সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া সাইকেল চালিয়ে ঠিক করে যেতেও পারে না। হাঁটুর ব্যথা, প্রাণের ঝুঁকি নিয়ে বয়োজ্যেষ্ঠরা রাস্তা পার হয়। ভয় হয়। ভয় হয় যদি তিনু, ওহ তিনু না দিদির লোকেরা ঘরে ঢুকে যায়”।
পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে অপূর্ব বলেন, “রাস্তায় হিজড়ে মাসি ধরলে টাকা চায়। টাকা না দিলে অভিশাপ দেয়। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না ভয়ে, যদি অভিশাপের মাত্রা বেড়ে যায়। সাউথে পুলিশ, পুলিশ কেস দেবেন না প্লিজ। সাউথে পুলিশ ট্রাফিক সামলায় কম, রাস্তা জ্যাম করে ছোট হাতি লড়ি ধরে বেশি। দেশাত্মবোধক ড্রেস পরে সিভিকরা নিজেদের ভাবে মেসি। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না ভয়ে, যদি রাত্রিবেলা সিভিক পুলিশ ঘরে ঢুকে যায়”।
তাঁর বক্তব্যে উঠে আসে আর জি করের প্রসঙ্গও। মমতা বন্দ্যোপাধ্যায় ‘নির্লজ্জশ্রী’ তকমা দিয়ে তিনি বলেন, “সব কিছু জেনে ভয় পায়নি বলে ডাক্তার ম্যাডামকে নৃশংস ভাবে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে। আর ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১ টা আইনজীবী পুষছে। তাই তো প্রত্যেকদিন জনতা ফুঁসছে। এই ভয়ের জন্য অনেকে স্বইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে”।
আরও পড়ুনঃ আর জি কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব সিবিআইয়ের, আজই হাজিরার নির্দেশ, কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বামনেত্রীকে?
এই ভিডিওর শেষে অপূর্ব সকলকে বার্তা দিয়েছেন যে এই ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভয় কাটিয়ে লড়তে হবে, তবেই সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। তাঁর এই ভিডিও বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে।





