তারাপীঠে পুজো দিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন পর্যটকরা, গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে লুটপাট ছিনতাইবাজদের, তদন্ত শুরু করল পুলিশ

পুজো দিতে যাওয়ার পথেই বিপত্তি। ছিনতাইবাজদের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন পর্যটকরা। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বীরভূমের তারাপীঠে। লুটপাটের খবর পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, রবিবার রাতে দুটি গাড়িতে করে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে তারাপীঠে আসছিলেন ছয় যুবক। মন্দিরে পুজো দিতে আসছিলেন তারা। তাদের অভিযোগ, তাঁর ১০টা নাগাদ তারাপীঠ-কোটাসুর রাস্তা মাঝে বুদ্ধিগ্রামের কাছে রাস্তার মাঝখানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখেন তারা।

এর জেরে আটকে যায় তাদের গাড়ি। এরপরই তাদের ঘিরে ফেলে কয়েকজন ছিনতাইবাজ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে তাদের সর্বস্ব লুঠ করে নেয় তারা। জানা গিয়েছে, যুবকদের থেকে ৪টি সোনার আংটি ও নগদ টাকা লুঠ করে পালায় ছিনতাইবাজের দল।

ওই ছয় যুবকের মধ্যেই একজন হলেন প্রদ্যুৎ মণ্ডল। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ছিনতাইবাজদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ছুরি ছিল। ওরা দলে প্রায় ৭-৮ জন ছিল”।

অন্য এক যুবক রাজেশ মণ্ডলের কথায়, “ওরা গাছ ফেলে রাস্তা আটকেছিল। আমরা গাড়ি থামাতে বাধ্য হই। গেট খুলতেই ওরা সব কিছু কেড়ে নেয়। এর পর তারাপীঠ থানার পুলিশ এসে আমাদের উদ্ধার করে হোটেলে নিয়ে যায়। পুজো দেওয়ার ব্যবস্থা করে। পুলিশ আমাদের টাকা এবং আংটি উদ্ধারের আশ্বাস দিয়েছে”।

RELATED Articles