উদয়নের গড়ে ভাঙন নিশীথের, কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগ শতাধিক তৃণমূল কর্মীর, উত্তরবঙ্গে শক্ত হচ্ছে গেরুয়া ঘাঁটি

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এর আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) গড়ে বড়সড় ভাঙন ধরালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। বিজেপি সাংসদের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শতাধিক তৃণমূল কর্মী-সমর্থকরা (TMC workers)। এই যোগদানের জেরে উত্তরবঙ্গে গেরুয়া শিবির আরও শক্ত হল। এদিন বিজেপিতে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন নিশীথ প্রামাণিক।

জানা গিয়েছে, গতকাল, সোমবার সন্ধ্যায় দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক ও দুই নম্বর অঞ্চলের অনেক পুরনো তৃণমূল কর্মী ও সমর্থকরা যোগ দিয়েছেন বিজেপিতে। বেশ কয়েকজন নতুন কর্মী সমর্থকও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন বিজেপিতে আগত নতুন কর্মী-সমর্থকদের নিয়ে ভেটাগুড়ি বাজারে একটি মিছিল করে বিজেপি নেতৃত্ব।

এদিন যোগদান পরব শেষে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, শুধুমাত্র দিনহাটা বা ভেটাগুড়িই নয়, গোটা কোচবিহার থেকেই নানান তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। তাঁর কথায়, বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে যে বঙ্গের রাজনীতি উত্তপ্ত হবে তা জানা কথাই। একুশের নির্বাচনের মতোই এই নির্বাচনের আগেও দলবদলের হিড়িক চোখে পড়বে। উত্তরবঙ্গে নিজেদের ঘাঁটি শক্ত করতে উদ্যত গেরুয়া শিবির। বুথস্তরে সংগঠনকে মজবুত করার বার্তা বারবার দেওয়া হচ্ছে শীর্ষ নেতৃত্বের তরফে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগদান যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও অন্যান্য খবর