বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দলবদল অব্যহত রেখেছে বিজেপি। যদিও সংঘের আপত্তিতে বিজেপিতে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীর আনাগোনা বন্ধ রাখছে বিজেপি বলে শোনা গেলেও তা আসলে শুধুমাত্র চোখের ওপরে একটা পর্দা মাত্র।
বাংলায় বিরোধী দল ভাঙিয়ে শক্তি প্রদর্শনের খেলা কিন্তু চলছেই। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে এসে এবার দলবদল করলেন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের দাপুটে নেতা-নেত্রীরা।
এবার পঞ্চায়েত সদস্য-সদস্যা থেকে প্রাক্তন সভাপতিরাও একুশের ভোটের আগে নাম লেখালেন বিজেপিতে।
এদিন হেস্টিংসে বিজেপির প্রধান পার্টি অফিসে এসে মুকুল রায়ের হাত থেকে পতাকা নেন তৃণমূল ছাড়াও বাম-কংগ্রেসের নেতা-নেত্রীরা। প্রথমেই যোগদান করেন কৃষ্ণনগরের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের কৌশিক ঘোষ। তাঁর নেতৃত্বের আরও কয়েকজন সদস্য-সদস্যা যোগদান করেন বিজেপিতে।
এর ফলে এই গ্রাম পঞ্চায়েতের দখল চলে যায় গেরুয়া শিবিরের হাতে। একইসঙ্গে বিজেপির পার্টি অফিসে এসে গেরুয়া পতাকা হাতে তুলে নেন মীনা ঘোষ। তাঁর হাত ধরেও অনেকে বিজেপিতে নাম লেখালেন। মীনাদেবীর হাতে পতাকা তুলে দেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। কংগ্রেসের বিশ্বরূপ মণ্ডলও যোগ দেন বিজেপিতে। তাঁকে দলে স্বাগত জানান রাজ্য সহ সভাপতি দেবাশিস মিত্র।
আরও পড়ুন: বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা
এদিন বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায় বলেন, কে কার সঙ্গে জোট করছে, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। তিনি বলেন, বিজেপি তার আদর্শ নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। এটা নির্বাচনী লড়াই। এখানে যে যেখানে খুশি লড়াই করতে পারে।






