নিজের প্রাক্তন সহযোদ্ধার কাছ থেকে এবার খোঁচা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। তিনি মমতাকে বললেন, ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’।
করোনার বিশ্ব মহামারির পর আমফানের মহা বিপর্যয়ে রাজ্য সরকার বেকায়দায় পড়েছে। তাই রাজনৈতিক ভাবে শাসকদলকে আক্রমণ করতে মাঠে নেমেছে বিজেপি। এবার মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তাঁরই প্রাক্তন সতীর্থ।
মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে রক্ষা করতে পারছেন না। তিনি সর্বদিক দিয়েই ব্যর্থ। করোনার মোকাবিলা করতে পারেননি। আবার পারেননি আম্ফানের বিপর্যয় মোকাবিলা করতেও। দুই ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন। তাই বাংলার উন্নতি চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে সরাতে হবে বাংলার কুর্সি থেকে।
https://twitter.com/MukulR_Official/status/1265527871847706627?s=20
এখানেই থামেননি মুকুল, তিনি আরো বলেছেন, “তিনি যেমন একাধারে মুখ্যমন্ত্রী। আবার তিনি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও। কিন্তু তিনি করোনা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
“আমফানের পর ছ-দিন পেরিয়ে গেছে। মেট্রো শহর কলকাতা এখনও স্বাভাবিক নয়। কলকাতার মানুষ এখনও পরিষেবা পায়নি। মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই ব্যর্থতা ঢাকতে পারবেন না। মানুষই আওয়াজ তুলেছে আর নয় মমতা।”
বিজেপি সম্প্রতি বাংলা থেকে তৃণমূল সরাতে কোমর বেঁধেছে প্রচার অভিযানে । মিশন ২০২১-এ তাঁদের লক্ষ্য মমতামুক্ত বাংলা। বাংলাকে করোনামুক্ত করতে সবার আগে প্রয়োজন মমতামুক্ত পশ্চিমবঙ্গ। সেই ডাক দিয়েই প্রচার শুরু করছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে মমতামুক্ত পশ্চিমবঙ্গের বার্তা। বিজেপি তাঁদের সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই প্রচার চালাচ্ছে।





