বিধানসভা নির্বাচনের মুখে নিজের সুবিধা বুঝে অন্য দলের সঙ্গে যোগাযোগ। একাধিক দল বিরোধী কার্যকলাপ। আর যার জেরে নদিয়া জেলার সহ সভাপতি পদ থেকে অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বর্তমানে রানাঘাট পৌরসভার পৌর প্রশাসক।

আজ অর্থাৎ সোমবার বিকেলের দিকে তাঁর বাড়িতে জেলা তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় অপসারণের কথা। প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই দলের কাজে নিষ্ক্রিয় থাকতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। দলের বেশ কিছু কর্মসূচি, বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি। গুঞ্জন তৈরি হয়েছিল বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রাখছেন পার্থ। জেলা নেতৃত্বের তরফে তাঁর বিরুদ্ধে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখারও অভিযোগ ওঠে l

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে টানা পাঁচ বার রানাঘাট পৌরসভার পৌরপতি নির্বাচিত হন পার্থবাবু। প্রথম তিন বার তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১০ সাল থেকে তৃণমূল টিকিটে দু’বার নির্বাচিত হন। বর্তমানে তিনি ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি।
শাসক দলকে নিয়ে কোনও দিনই প্রকাশ্যে কোনও বিতর্কিত মন্তব্য করেননি পার্থ চট্টোপাধ্যায়। এমনকি দলের তরফেও আগে তাঁকে সতর্কও করা হয়নি। সোমবার সোজাসুজি তাঁর বাড়িতে পৌঁছে যায় অপসারণের চিঠি। এই বিষয়ে পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এই মুহূর্তে বাড়িতে নেই। চিঠিটা আচমকাই বাড়িতে আসে। আগে থেকে কোনও আভাসই পায়নি। দলের হয়েই কাজ করেছি এতদিন। আজও করছি।”





