প্রতিশ্রুতি রাখলেন মোদী! বাংলায় হওয়া দুর্নীতির কোটি কোটি টাকা আমানতকারীদের ফেরাচ্ছে ইডি, শুরু প্রক্রিয়া

গত কয়েক বছর ধরেই বাংলার বুকে নানান দুর্নীতির কথা উঠে এসেছে। কখনও চিটফান্ড কাণ্ড তো কখনও আবার শিক্ষা, কয়লা, রেশন নানান ক্ষেত্রে দুর্নীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এবার সেই টাকা ধীরে ধীরে ফেরাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুর্নীতিতে বাজেয়াপ্ত করা টাকা ধীরে ধীরে ফেরানো হবে বাংলার মানুষকে। ভোট মিটে যাওয়ার তিনমাসের মাথাতেই সেই কথা রাখলেন তিনি। টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করল ইডি।

লোকসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, “এতদিন পর্যন্ত আবাস যোজনা-সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা বাংলার মানুষের হাতে কীভাবে ফিরিয়ে দেওয়া যায়, তারই আইনি উপায় খুঁজছি আমরা। ক্ষমতায় ফিরলে, আইনি উপায়েই বাংলার মানুষকে সেই ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে”।

ইডি সূত্রে খবর, রাজ্যের দুর্নীতির টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার রোজভ্যালি কাণ্ডে বাজেয়াপ্ত করা ১৯.৫ কোটি টাকা ফিরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে টাকা।

এর আগে টাকা আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে এই বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। এবার সেই কমিটিই আমানতকারীদের টাকা ফেরত দেবে। আজ, বৃহস্পতিবার ৫ নম্বর ম্যাঙ্গো লেনে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। এদিন আদালত নির্ধারিত এডিসির সঙ্গে তারা বৈঠক করেন এই টাকা ফেরানোর বিষয়ে।  

আরও পড়ুনঃ ঘটনার দিন তরুণী চিকিৎসকের মা-বাবাকে ফোন করে পুলিশও, কী জানানো হয়েছিল তাদের? প্রকাশ্যে বিস্ফোরক অডিও ক্লিপ

ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা আরও টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। আমানতকারীরা যদি বৈধ কাগজ দেখান, তাহলে তাদের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, আগামীদিনেও অন্যান্য মামলাতে বাজেয়াপ্ত করা টাকাও ফেরত দেবে ইডি।

RELATED Articles