তীব্র দহনজ্বালা নববর্ষে, পয়লা বৈশাখে কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪১ ডিগ্রিতে, নতুন রেকর্ড গরমের, অস্বস্তি কবে কাটবে?

নববর্ষের সকালে আরও বেশি অস্বস্তি বাড়ল বঙ্গে। এদিন সকাল থেকেই চড়া রোদের জেরে নাজেহাল বঙ্গবাসী। এদিন কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দহনজ্বালাও। সকলের মনে এখন একটাই প্রশ্ন, এই পরিস্থিতি কবে কাটবে?

তবে স্বস্তির কোনও খবর দিতে পারল না আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী বুধবার অর্থাৎ ১৯শে এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি উন্নতি হওয়ার কোনও লক্ষণ নেই। গোটা দক্ষিণবঙ্গেই এমন আবহাওয়া বজায় থাকবে। বাড়বে দহনজ্বালা। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা।

হাওয়া অফিসের মতে, নববর্ষে কলকাতার তাপমাত্রা রেকর্ড করবে। পূর্বাভাস অনুযায়ী এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ। বেলা বাড়ার পর রাস্তাঘাটে লু বওয়ার সম্ভাবনাও রয়েছে।

শুধুমাত্র কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই পরিস্থিতিই বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও আশা নেই। নতুন বছরের আনন্দে সকলে মেতে উঠলেও আজ ও আগামী কয়েকদিন অত্যন্ত প্রয়োজন ছাড়া কাউকে দুপুরে বাইরে বেরোতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। শিশু ও বয়স্কদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে বেরোলেও ছাতা, টুপি, রোদচশমা পরে ও সঙ্গে জল নিয়ে বেরোনোর কথা বলা হচ্ছে।

এই একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলি বাদে বাকি জেলায় চলবে তাপপ্রবাহ। সেখানেও এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই দিনাজপুর ও মালদায় লু বওয়ার সম্ভাবনা।

RELATED Articles