পুলিশের অজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে খবর করে গ্রেফতার সাংবাদিক মানব গুহ, অবশেষে মোমিনপুর ঘটনার তদন্তভার গেল NIA-এর উপর

মোমিনপুর ঘটনার জেরে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সাংবাদিক মানব গুহ। এবার এই ঘটনার তদন্তভার গেল NIA-এর উপর। মোমিনপুরের অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে। কিন্তু পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে খবর করার জেরে গ্রেফতার হতে হয়েছিল সাংবাদিক মানব গুহকে। এবার এই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার এই ঘটনায় অভিযোগ দায়ের করে মামলা শুরু করেছে এনআইএ। আজ, বুধবার ব‌্যাঙ্কশাল আদালতে এই এফআইআর-এর কপি পেশ করতে পারে এনআইএ। সেই অভিযোগের উপর ভিত্তি করেই ফের গোয়েন্দারা হানা দিতে পারেন মোমিনপুরে। সেখানকার সিসিটিভির ফুটেজ ও এলাকার কিছু ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে এনআইএ। এই ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে, তাদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে, এমনটাই জানা গিয়েছে এনআইএ সূত্রে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুজোর আগের দিন অশান্তি বাঁধে কলকাতার এই এলাকায়। মোমিনপুরে ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে প্রবল অশান্তির পরিবেশ তৈরি হয়। বিশেষ সম্প্রদায়ের এই মানুষদের দ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর এলাকায়।

লক্ষ্মীপুজোর দিন একবালপুর থানা ঘেরাও করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। এই ঘটনায় আহত হন তিনজন আইপিএস অফিসার। রাজনৈতিক রঙও লাগে এই ঘটনাকে কেন্দ্র করে। অশান্তি দমনে পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। সিট গঠন করে এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

মোমিনপুরের এই অশান্তির ঘটনার খবর করেন ‘The News বাংলা’ সংবাদমাধ্যমের সাংবাদিক মানব গুহ। পুলিশ প্রশাসনের অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে খবর করেন তিনি। এর জেরে খেসারত দিতে হয় তাঁকে। গিরিশ পার্ক থানায় ডেকে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয় ওই সাংবাদিককে। জানা গিয়েছে, মানব গুহকে নিয়ে যাওয়ার সময় কোনও গ্রেফতারি পরোয়ানা বা কোনও অফিসিয়াল নোটিশও দেখায় নি পুলিশ।
থানায় ডেকে নিয়ে গিয়ে সাংবাদিক মানব গুহ’র বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। আপাতত কালীপুজো অর্থাৎ ২৪শে অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন তিনি। ২৪শে অক্টোবর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে খবর।

সাংবাদিকের এই গ্রেফতারির ঘটনায় অনেকেই সরব হন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই-ই নয়, মানব গুহ’র সমর্থনে গতকাল, মঙ্গলবার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় কলকাতা পুলিশকে কড়া ভাষায় আক্রমণও করেন তিনি। পুলিশকে ‘তৃণমূলের ক্যাডার’ বলে তোপ দাগেন বিজেপি নেতা। অবশেষে এই ঘটনার তদন্তভার গেল NIA-এর উপর।

আরও অন্যান্য খবর