রাজনীতির ময়দানের সঙ্গে আরও ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছেন সৌরভ, তৃণমূলের প্রার্থী তালিকায় বড় স্ট্রোক মমতার

সামনেই লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। বিজেপি ইতিমধ্যেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেও, তৃণমূল, কংগ্রেস বা সিপিএমের তরফে এখনও কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা রয়েছে ঘাসফুল শিবিরের। মনে করা হচ্ছে, সেদিনই কিছু প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ইদানিংকালে, তৃণমূলের মধ্যে নবীন-প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয়েছে ভীষণভাবে। নতুন মুখদের আরও বেশি করে কাজে লাগাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে মমতার সঙ্গে তাঁর ঠাণ্ডা লড়াইয়ের কথা কারোরই অজানা নয়। এবার তৃণমূলের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে সামনে এল এক বড় খবর। শোনা যাচ্ছে, রাজনীতির ময়দানের সঙ্গে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ আরও নিবিড় হতে চলেছে বা বলা ভালো তৃণমূলের সঙ্গে তাঁর যোগ আরও বাড়তে চলেছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। একুশের বিধানসভা নির্বাচনের আগে জোর গুঞ্জন শুরু হয় যে সৌরভ বিজেপিতেই যোগ দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়ি নৈশভোজে গেলে সেই জল্পনা আরও দৃঢ় হয়। কিন্তু শেষমেশ তা হয়নি।

তবে বিগত কয়েকমাসে সৌরভকে শাসক দল তৃণমূলের সঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকবার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পেন সফরে যান, সেই সময় মাদ্রিদে শিল্প সম্মেলনে  মমতার সঙ্গে দেখা গিয়েছিল সৌরভ বন্দ্যোপাধ্যায়কে। আবার কিছুদিন আগেই মমতার সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন সৌরভ। সব মিলিয়েই এবার জোর গুঞ্জন যে সৌরভ নিশ্চয় যোগ দিচ্ছেন তৃণমূলে।

সত্যিই কী সৌরভ লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন?

সূত্রের খবর, সৌরভ সক্রিয়ভাবে রাজনীতিতে না এলেও এবার রাজনৈতিক ময়দানে দেখা যাবে সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়কে। হ্যাঁ, তৃণমূলের অন্দরের খবর, এবারের লোকসভা নির্বাচনে ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে ঘাসফুল শিবির। শোনা যাচ্ছে, দক্ষিণ কলকাতা থেকে এবার ডোনাকে টিকিট দিতে পারে তৃণমূল। তৃণমূলে ব্রিগেডে সভার দিনই ডোনার নাম ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতির ময়দানের সঙ্গে আরও ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছেন সৌরভ, তৃণমূলের প্রার্থী তালিকায় বড় স্ট্রোক মমতার

উল্লেখ্য, সম্প্রতি জি বাংলার রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন সেই পর্বে উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, সেদিনই দু’পক্ষের মধ্যে এই নিয়ে কথা হয়। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এবার সৌরভ না হলেও তাঁর স্ত্রীকে দেখা যাবে রাজনৈতিক ময়দানে।   

RELATED Articles