আজ ছিল মোদীর ব্রিগেড। এদিনের এই ব্রিগেডে ছিল অনেক চমক। একদিকে যেমন প্রধানমন্ত্রী ‘আসল’ পরিবর্তনের আশা জাগিয়েছেন বাংলার মানুষের মনে, তেমনিই আবার বাংলাকে দুর্নীতিমুক্ত করে ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারবদ্ধও হয়েছেন।
আগে থেকেই শোনা যাচ্ছিল, এই ব্রিগেডে যোগ দেবেন অভিনেতা মিঠন চক্রবর্তী। গতকাল রাতেই কলকাতা আসেন তিনি। কথা অনুযায়ীই, যোগ দেন ব্রিগেডেও। শুধু ব্রিগেডে যোগই নয়, একইসঙ্গে গেরুয়া শিবিরেও পদার্পণ করেন তিনি। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে তুলে নেন গেরুয়া পতাকা।
আরও পড়ুন- ‘এক ছোবলে ছবি, এবার এটাই হবে’, ব্রিগেডের মঞ্চ থেকে হুঁশিয়ারি মিঠুনের
মিঠুনের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সারাদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নানান বিরোধী পোস্ট লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এরই মধ্যে একটি পোস্ট বিশেষভাবে নজর কেড়েছে। তা হল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের একটি পোস্ট। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি দিয়ে একটি পোস্ট করেছেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখেছেন, ‘সর্বদা ও সবসময়ের জন্য’।
Always & Forever ❤️
Posted by Oindrila Sen on Sunday, 7 March 2021
তাঁর এই পোস্টকে ঘিরেই দানা বাঁধতে শুরু করেছে জল্পনা। এই পোস্টের মাধ্যমে ঐন্দ্রিলা একরকম বুঝিয়েই দিয়েছেন যে তিনি সবসময় মিঠুন চক্রবর্তীর সঙ্গেই রয়েছেন। এই থেকেই অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে, তাহলে কী ঐন্দ্রিলাও মিঠুনের পথই অনুসরণ করবেন? তিনিও কী তবে গেরুয়া শিবিরের দিকেই পা বাড়াচ্ছেন? তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। সবটাই নেটিজেনদের ধারণা।
আরও পড়ুন- ‘বাংলার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে, সব ফিরিয়ে দেব’, ব্রিগেড থেকে ‘আসল’ পরিবর্তনের ডাক মোদীর
তবে ঐন্দ্রিলা যদি বিজেপিতে যোগ দেন, তাতে বিস্ময়ের কিছু নেই। কারণ গত কিছুমাসে বেশ কিছু টলি তারকা নানান রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। আবার অনেকে একদল ছেড়ে অন্য দলেও গিয়েছেন। আজ ব্রিগেডেই উপস্থিত ছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার। তবে সত্যিই ঐন্দ্রিলা এবার বিজেপিতে যোগ দেন কী না, এখন সেটাই দেখার।





