আর জি করের ঘটনা নিয়ে এই মুহূর্তে রাজ্য উত্তাল। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে সরব সকল স্তরের মানুষ। ন্যায় বিচারের দাবী নিয়ে যখন বিক্ষোভ-আন্দোলন হচ্ছে, সেই সময় শহরেরই এক হাসপাতালে ফের এক মহিলা চিকিৎসকের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ হাসপাতালের মধ্যে।
ঘটনাটি ঘটেছে বাইপাসের ধারে এক নামজাদা বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ ডিউটি করছিলেন এক মহিলা চিকিৎসক। সেই সময় আইসিইউ-এর সামনে এক রোগীর পরিবারের সদস্য মহিলা চিকিৎসককে হুমকি দেন। বলা হয়, “আর জি করের মতো করে দেব”। সেই ঘটনায় হইচই পড়ে হাসপাতালে।
এমন হুমকি পাওয়ার পর নিজের সহকর্মীদের একথা জানান ওই মহিলা চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। মহিলা চিকিৎসক লিখিতভাবে অভিযোগ জানান। এই ঘটনার খবর জানাজানি হতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, অভিযুক্তকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ কোনও নতুন রোগী ভর্তি নেওয়া হবে না। সূত্রের খবর, এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কী কারণে এমন হুমকি দেওয়া হল, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে এমন ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা বেশ আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যদিও এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুনঃ ‘সরকার কাকে রাখবে, কাকে বাদ দেবে সেটা ডাক্তাররা ঠিক করবে নাকি, এত জেদ কেন, যা বলবে তাই মানতে হবে নাকি’, জুনিয়র চিকিৎসকদের দাবীতে ক্ষুব্ধ মমতা
আর জি করের ঘটনার প্রতিবাদে গত একমাসের বেশি সময় ধরে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। তাদের দাবী না মানা হলে তারা আন্দোলন থেকে সরবেন না জানিয়ে দিয়েছেন। মানেন নি সুপ্রিম কোর্টের নির্দেশও। বর্তমানে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে তাদের। আর এমন আবহে বেসরকারি হাসপাতালে এভাবে এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনায় কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন!





