আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আজ থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। এ নিয়ে আগেই হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এবার বিপদের গেরুয়া সর্তকতাও জারি করল আলিপুর আওয়া দফতর।
আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত আলিপুরে ১৭.২ মিলিমিটার ও দমদমে ৪৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের স্পেশাল ওয়েদার বুলেটিনে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ঘণীভূত হয়ে আছে। যা আগামী ২৪ ঘণ্টায় আরও প্রকটভাবে অবস্থান করতে চলেছে। আর এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান আরও বাড়বে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়তে শুরু করেছে। এরপর সমুদ্র আরও ভয়ঙ্কর হবে। এই সময় দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত বৃষ্টির ফলে কলকাতা এবং সুন্দরবনের একাধিক এলাকাও জলমগ্ন হয়ে পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।





