নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় ৮ মাস ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দল থেকে বহিষ্কৃত হয়েছেন কিন্তু রাজনীতি (politics) তো রক্তে মিশে রয়েছে। তা আর কীভাবে মুছবে। এবার জেলে বসেও রাজনীতি করছেন তিনি।
জেলবন্দি অবস্থাতেও রাজনীতি থেকে দূরে নেই পার্থ চট্টোপাধ্যায়। বন্দিদশাতেও কারারক্ষীদের রাজ্য পুলিশের আওতায় আনার চিন্তাভাবনা করছেন প্রাক্তন মন্ত্রী। নিজের ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেন, তা নিয়ে আর্জিও জানালেন পার্থ।
আসলে এই ঘটনার সূত্রপাত ২০১১ সালে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় গঠন করেছিলেন বঙ্গীয় কারারক্ষী সমিতি। তাঁকে সাহায্য করেন প্রাক্তন বিধায়ক তমোনাশ ঘোষ। পরে সেই সমিতি ভেঙেও যায়। তবে এবার জেলে বসে পার্থ চট্টোপাধ্যায়ের মনে হয়েছে, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে কারারক্ষী সমিতি গঠন করা হয়েছিল, তার জন্যই রাজ্য পুলিশের আওতায় কারারক্ষীদের আনাটা খুব দরকার।
নিজের ঘনিষ্ঠ মহলে এই কথা জানিয়েছেন পার্থ, এমনটাই জানা গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী চান যাতে এই আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়। নিজের এই ইচ্ছার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে আর্জি জানিয়েছেন পার্থ।
বলে রাখি, আজ, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ১৪ জনকে আলিপুর আদালতে পেশ করা হয়। এদিন আদালতে ঢোকার সময় পার্থর উদ্দেশে ওঠে ‘জিন্দাবাদ’ স্লোগান। শুধু তাই-ই নয়, এদিন আদালত থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীকে বাক্যবাণে বিদ্ধ করেন পার্থ যা বেশ তাৎপর্যপূর্ণ।





