অনন্য সম্প্রীতি রামনবমীতে! বীরভূমে রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে পা মেলাল তৃণমূল-বিজেপি, হতবাক স্থানীয়রা

আজ রামনবমী (Ram Navami)। আজকের মতো এক শুভদিনেই মিলে গেল দুই রাজনৈতিক বিবাদমান দল। রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে হাঁটতে দেখা গেল তৃণমূল (TMC) ও বিজেপি নেতৃত্বদের (BJP leaders)। বীরভূমের দুবরাজপুর (Dubrajpur) ও বোলপুরে (Bolpur) দেখা মিলল এক অনন্য সম্প্রীতির যা দেখে হতবাক স্থানীরাও।

দুবরাজপুরে রামসীতা মন্দির থেকে বেরিয়েছিল রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা। সেখানে একসঙ্গে হাঁটতে দেখা গেল দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা ও দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডেকে। এছাড়াও এই মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপি থেকে আসা তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য্য বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সমেত দু’দলের কর্মীরা।

শোভাযাত্রা শেষ হয় পাহাড়েশ্বর, পোদ্দারবাঁধ হয়ে রঞ্জনবাজারে। শোভাযাত্রার প্রথম সারিতেই দেখা গেল বিজেপি ও তৃণমূল নেতাদের। এই প্রসঙ্গে তৃণমূলের পীযুষ পাণ্ডে বলেন, “এটা কোনও রাজনৈতিক দলের নয়। বিজেপির কর্মসূচি নয়। আমাদের হিন্দু ধর্মের অবতার রামচন্দ্রের জন্মদিন। বহু বছর ধরে পালিত হয়ে আসছে”।

অন্যদিকে বিজেপির বিধায়ক অনুপ সাহার কথায়, “পুরুষোত্তম রামচন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলে আসে। এবারের শোভাযাত্রায় আপামর সকলে এসেছে। আমরা রাজ্যে রামরাজত্ব করতে চায়। সেখানে তৃণমূল আসায় আমরা তাদের শুভবুদ্ধি কামনা করছি”।

বলে রাখা ভালো, দুবরাজপুরের এই রামনবমীর শোভাযাত্রা মূলত রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘের উদ্যোগেই প্রতি বছর বের হয়। আগে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে শোভাযাত্রা হত। বিগত কয়েক বছর ধরে রামনবমীতেও হয় শোভাযাত্রা। গত বছর তৃণমূল নেতারা তা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলেও এই বছর নিজেরাই পা মেলালেন শোভাযাত্রায়।

একইভাবে বোলপুরেও দেখা গেল এমন সম্প্রীতির ছবি। সেখানকার তৃণমূল পুরপ্রধান পর্ণা ঘোষ ও বিজেপির বোলপুরের জেলা সংগঠনের সহ-সভাপতি সুব্রত চট্টোপাধ্যায় একসঙ্গে ছিলেন রামনবমীর শোভাযাত্রায়। এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন পুরসভার উপপুরপ্রধান ওমর শেখ, তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা, রুবি দাস রায়, শুভ্রা হাজরা, তাপসী বাউরি তৃণমূল শহর সভাপতি নরেশ বাউরি।

অন্যদিকে এই শোভাযাত্রায় বিজেপির তরফে ছিলেন তাদের শহর সভাপতি লক্ষণ তিওয়ারি বিশ্বহিন্দু পরিষদের সুরেশ ভট্টাচার্যরা। নরেশ বাউড়ির এই বিষয়ে বলেন, “প্রাচীন একটা রীতি। রাম সত্যের পূজারী। তারই জন্মদিনে আমরা উৎসব আকারে পথে নেমেছি”।

আবার বিজেপির সুব্রত চট্টোপাধ্যায়ের এই শোভাযাত্রা প্রসঙ্গে বক্তব্য, “একটাই আদর্শ – সনাতনী। আগামী কয়েকমাস পরেই রামমন্দির প্রতিষ্ঠা পাবে। যারা রামভক্ত তারাই আজ পথে নেমেছে”।

RELATED Articles