বর্তমানে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য এখন উত্তাল। ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। তাঁকেও গ্রেফতার করেছে ইডি। আর এরই মধ্যে ফের একবার নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে এল পশ্চিম মেদিনীপুর থেকে।
পশ্চিম মেদিনীপুর জেলায় প্রাথমিক সংসদ অফিসে নিয়োগে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই অভিযোগ তুলে সংসদ কর্মচারী ঐক্যমঞ্চের সদস্যরা জেলা শিক্ষা দফতর ও রাজ্য শিখা দফতরের আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন। তাদের অভিযোগ, প্রাথমিক সংসদের চেয়ারম্যান তাঁর আত্মীয় রাধাকান্ত দেবকে অনৈতিকভাবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ে সংসদের প্রধান সহায়ক পদে নিয়োগ করেছেন।
জানা গিয়েছে, রাধাকান্ত দেব সম্পর্কে আসলে সংসদের চেয়ারম্যান ডি আই তরুণের ভগ্নীপতি হন। সেই কারণেই স্বজনপোষণ করে চেয়ারম্যান তাঁকে প্রধান সহায়ক পদে নিয়োগ করেছেন। এমনটাই অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, সরকারি পদোন্নতির ক্ষেত্রে সরকারি নির্দেশিকা ২৫৩ এস ই ২০০৭ কে মান্যতা দেওয়া হয়নি এক্ষেত্রে, অভিযোগ এমনটাই। পাশাপাশি ডিপার্টমেন্টাল প্রমোশনাল কমিটির মিটিংও ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকী, বর্তমান জেলায় প্রাইমারি সংসদ অফিসের চেয়ারম্যানের বিরুদ্ধে ইচ্ছেমতো প্রধান সহায়ক পদে নিযুক্তিকরণের অভিযোগও উঠেছে।
এই ঘটনায় প্রতিবাদ জানাতে বামপন্থী কর্মী সংগঠন সমিতি ও ফেডারেশন সংগঠন, এই দুই সংগঠনই এক হয়ে সংসদ কর্মচারী ঐক্যমঞ্চ নাম নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তারা বারবার এর আগেও সরব হয়েছে।
অন্যদিকে, সংসদের সভাপতি দায়িত্বে থাকা তরুণ কুমার সরকার এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবী, “কোনও দুর্নীতি বা স্বজনপোষণ হয়নি। এই ধরনের ঘটনা রটিয়ে সম্পূর্ণভাবে অপপ্রচার চালানোর হচ্ছে”।






