ভারতী ঘোষের গ্রেফতারির ওপর আপাত স্থগিতাদেশ! সুপ্রিম রায় ভোটের আগে স্বস্তিতে বিজেপি শিবির

যেহেতু ভোটের ঘোষণা হয়ে গেছে তাই এখন আর গ্রেফতার করা যাবেনা বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে। সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট।

আর তাই বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম রায়ে স্বস্তিতে প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

আরও পড়ুন –WB Election 2021: ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায় 

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ডেবরার এই প্রার্থীকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। মঙ্গলবার এইকথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ।

এই হাইপ্রোফাইল বিজেপি প্রার্থীর অভিযোগ, রাজ্য সরকার নানাভাবে তাঁকে হেনস্তা করার চেষ্টা করছে। এমনকী, তাঁকে গ্রেফতার‌ও করা হতে পারে। এই আশঙ্কায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতী। সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে তিনি।

ভারতী ঘোষের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, এই মামলাগুলির মূল উদ্দেশ্য তাঁকে রাজনৈতিকভাবে হেনস্তা করা। রাজনৈতিক প্রচার রুখতে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার‌ও করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতী। এর পরই স্বস্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে মামলা দায়ের করেন তাঁর আইনজীবী নীরজ কর। এদিন সেই আবেদনের শুনানি হয়।

আরও পড়ুন –ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির দু’দফার প্রার্থী তালিকা ঘোষণার পর এই ডেবরা কেন্দ্রই এখন রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। কারণ, এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপির হেভিওয়েট নেত্রী তথা রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ। শাসক শিবিরের তরফে দাঁড়িয়েছেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনারেট বর্তমান তৃণমূল নেতা আইপিএস হুমায়ুন কবীর। অর্থাৎ, পশ্চিম মেদিনীপুরের এই অখ্যাত আসনটিতে এবারে লড়াইয়ে নেমেছেন রাজ্যের দুই দুঁদে প্রাক্তন পুলিশকর্তা।

আরও অন্যান্য খবর