ফের অশান্তি বাংলায়! গেরুয়া শিবিরের (BJP) মহিলা মোর্চার (Mahila morcha) স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধল হুগলির শেওড়াফুলিতে (Sheoraphuli)। পাইকারি বাজার চালুর দাবিতে বুধবার শেওড়াফুলিতে স্মারকলিপি দিতে যাওয়ার সময় বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ সংগঠনের অন্যান্য মহিলা কর্মীদের বাধা দেয় পুলিশ। আর এর পরই উভয় পক্ষে শুরু হয় ধস্তাধস্তি।
শেওড়াফুলি পাইকারি বাজার পুরনো জায়গায় ফিরিয়ে আনার দাবিতে বুধবার শেওড়াফুলি ফাড়িতে স্মারকলিপি জমা দিতে যায় বিজেপি মহিলা মোর্চা। জিটি রোড ধরে কিছুটা এগোতেই তাদের মুখোমুখি হয় পুলিশ। এরপরই মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের (Police)।

এই ঘটনার পরই সংবাদমাধ্যমের সামনে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা বলেন, ‘তাঁবেদার পুলিশ অন্য দলকে মিছিল জমায়েতের অনুমতি দিচ্ছে। আর তিরিশ জনকে নিয়ে স্মারকলিপি জমা দিতে যেতে দিল না। সব জায়গায় এটা করছে পুলিশ। ইমাম ভাতা চালু আছে রাজ্যে। এত বছর মনে হয়নি। ভোটের ছয় মাস আগে মনে হল পুরোহিতদের ভাতা দিতে হবে। পুরোহিতরা ভিক্ষা নেন না। প্রণামী নেন। পিকের বুদ্ধিতে এসব করছেন মাননীয়া। এতে কোনও লাভ হবে না। কারণ নয় বছরে কোনও কিছু হয়নি রাজ্যে। আগামী দিনেও হবে না।’
করোনা আবহে সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে রাখতে বৈদ্যবাটি নিয়ন্ত্রিত বাজার প্রাঙ্গনে শেওড়াফুলি পাইকারি বাজারটি স্থানান্তরিত করেছে প্রশাসন। আনলক পর্ব শুরুর পর থেকে সেই বাজার শেওড়াফুলিতে ফেরত আনার দাবিতে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি পাইকারি বাজার সরে যাওয়ায় তাদের বেচাকেনা কমে গিয়েছে।





