পার্থ-সুজিত ঘুরে বেড়াচ্ছেন সন্দেশখালিতে, কিন্তু মীনাক্ষী গেলেই বাধা পুলিশের, ‘তৃণমূল নেতারা কেন ঘুরছে’, প্রশ্ন বামনেত্রীর

আজ, শনিবার সকাল থেকেই সন্দেশখালির নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। কিন্তু সেই সন্দেশখালিতে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় যেতে গেলে তাঁকে আটকে দেয় পুলিশ। তিনি প্রথমে মুখ ঢাকা দিয়ে লুকিয়ে প্রবেশ করলেও, এলাকা পরিদর্শনের সময় বামনেত্রীকে বাধা দেওয়া হয়। এই নিয়ে প্রশ্নের মুখে পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

আজ, শনিবার সকালে পুলিশের নজর এড়িয়ে মুখ ঢাকা দিয়ে সন্দেশখালি গিয়েছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। টোটো করে গ্রাম ঘোরেন তিনি। সন্দেশখালি কাণ্ডে ধৃত নিরাপদ সর্দারের বাড়ি যান মীনাক্ষী। সেখান থেকে বেরিয়ে এলাকা পরিদর্শনে যেতে চান তিনি। কিন্তু সেই সময় মাঝেরপাড়ায় বামনেত্রীকে আটকে দেয় পুলিশ।

বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বামনেত্রী। পুলিশকে তিনি প্রশ্ন করেন, “আপনি বেআইনি কাজ করছেন। আমার নামে কী কোনও অপরাধের মামলা আছে? আমাকে আটকাচ্ছেন কেন”? পুলিশের দাবী ১৪৪ ধারা জারি থাকায় বামনেত্রীকে যেতে দেওয়া যাবে না সন্দেশখালিতে। মীনাক্ষী একা যেতে চাইলেও তাঁকে যেতে দেয়নি পুলিশ।   

মীনাক্ষী জানতে কেন তাঁরা এলাকায় পৌঁছতে পারবেন না। ১৪৪ ধারা জারি থাকলেও দু-তিন জন প্রতিনিধি তিনি যেতেই পারেন এলাকায়। কিন্তু তাতে রাজি হয়নি পুলিশ। সন্দেশখালি ফেরিঘাটে মীনাক্ষীকে আটকে দেয় বসিরহাট থানার পুলিশ। সেখানেই ধর্নায় বসে পড়েন বামনেত্রী।

মীনাক্ষীর কথায়, “১৪৪ ধারা জারি থাকলে আমি একা যেতে পারি। মানুষের সঙ্গে কথা বলতে তো বাধা নেই। আমরা যেতে চাইছি। যেতে দিচ্ছে না। আমাদের কাছে লিখিত অভিযোগ আছে। পুলিশের সঙ্গে কথা বলতে চাই। মানুষ জমি ফেরত চায়। পুলিশের শাস্তি চাই। পুলিশ মানুষের কথা শোনে না। আমরা সে বিষয়ে কথা বলতে এসেছি। জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তা বার করে দিক”।

এদিকে এদিন সকাল থেকেই সন্দেশখালি ঘুরছেন পার্থ ভৌমিক, সুজিত বসুরা। কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঢুকতে না দেওয়ায় ওই দুই মন্ত্রীকে তিনি ‘শাহজাহানের লোক’ বলে কটাক্ষ করেন। মীনাক্ষীর কথায়, “পার্থ, সুজিত শাহজাহানের দলের লোক। ওঁরা মানুষকে ভয় দেখাতে এসেছেন। যখন জমি কেড়ে নেওয়া হচ্ছিল, তখন ওঁরা কোথায় ছিলেন? ‘দুয়ারে সরকার’ কোথায় ছিল”? এদিন থানায় যেতে চাইলেও আটকানো হয় বামনেত্রীকে।

RELATED Articles