দিদির খাস গড়ে শুভেন্দু অধিকারীর ‘অধিকার’ বুঝে নেওয়ার সমর্থনে পড়ল পোস্টার! ফের চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে

আঞ্চলিকতার সীমানা ছাড়িয়ে এবার দাদার অনুগামীদের লক্ষ্য খাস তিলোত্তমা! মমতার গড়ে এবার শুভেন্দু অধিকারী সমর্থনে ছবি সমেত পোস্টার সাঁটালো দাদার অনুগামীরা।
দক্ষিণ কলকাতার একাধিক জনবহুল জায়গায় দেখা মিলেছে অধিকারীর সমর্থনে পড়া পোস্টারের।
গতকাল অর্থাৎ বুধবার সকালে দক্ষিণ কলকাতার যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাট মোড়, রাসবিহারী মোড়, রাসবিহারী অ্যাভিনিউ ও মেঘনাদ সাহা সরণিতে জনতার নজর কেড়েছে ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টার। পোস্টারে সদ্য প্রাক্তন পরিবহন মন্ত্রীর ছবির নীচে লেখা হয়েছে, ‘মানুষের কাজ করতে কোনও পদ লাগে না।’
প্রসঙ্গত উল্লেখ যোগ্য, সাম্প্রতিক কালে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সম্পর্কে বিশাল ফাটল ধরেছে
তৃণমূলের অন্যতম শক্তিশালী নেতা শুভেন্দু অধিকারীর। পদ ছেড়েছেন মন্ত্রিত্বের‌।
তবে সম্প্রতি এক বৈঠকের পর তৃণমূলের মুখপাত্র সৌগত রায় দাবি করেন শুভেন্দুর সঙ্গে সব ঝামেলা মিটে গেছে, তৃণমূলেই থাকছেন শুভেন্দু।
তবে এই বক্তব্যকে ন্যাসাৎ করে কাল সৌগত রায়কে হোয়াটসঅ্যাপে কড়া বার্তা পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী।
আর এতেই শুভেন্দু অধিকারীর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার ঝড় উঠেছে বিধানসভা পূর্ববর্তী বঙ্গ-রাজনীতির আকাশে। এরই মাঝে খোদ কলকাতায় তাঁর অনুগামীদের পোস্টার ঘিরে চাঞ্চল্যের পারদ চড়ল।
তৃণমূলের ব্যানার ছেড়ে শুভেন্দুকে এখন বেশিরভাগ সময়ই দেখা যায় অরাজনৈতিক সভায়।‌আজ শুভেন্দুর খাসতালুক মেদিনীপুরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকীতে পূর্ব পরিকল্পিত মিছিল রয়েছে। হলদিয়া টাউনে ‘দাদার অনুগামী’-দের ব্যানারে মিছিল হবে।

RELATED Articles