বিজেপি প্রার্থীর প্রচারে বাধা, পুলিশের বিরুদ্ধে কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

ভবানীপুর উপনির্বাচনকে ঘিরে উত্তাপ ক্রমে বেড়েই চলেছে। আজ, মঙ্গলবার সকাল থেকেই ভবানীপুরে নির্বাচনী প্রচারে নামেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কিন্তু তাঁর সেই প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিজেপি প্রার্থীর অভিযোগ পুলিশ তাঁর প্রচারে বাধা দিচ্ছে। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে বলেও দাবী তাঁর। পুলিশের এই কাজের বিরুদ্ধে নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও শানান প্রিয়াঙ্কা।

আরও পড়ুন- পরনে রংচঙে শার্ট, মাথায় টুপি, কখনও বা পাঞ্জাবী, এমন অবতারে কী করছেন ‘কালারফুল’ মদন মিত্র?

মঙ্গলবার সকালে ভবানীপুরের পটুয়াপাড়ায় প্রচার করতে যান প্রিয়াঙ্কা। তাঁর দাবী, কমিশনের বাতলানো নিয়ম ও করোনার সমস্ত বিধিনিষেধ মেনেই প্রচার করছিলেন তিনি। কিন্তু পটুয়াপাড়ায় পৌঁছতেই পুলিশ তাঁকে বাধা দেয়। ১৪৪ ধারা জারি করার কথা বলে সেখানে প্রচার করতে দেওয়া হয় না তাঁকে।

এর জেরে পুলিশের সঙ্গে সাময়িক সময়ের জন্য বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ আনেন যে পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। এই ঘটনায় তিনি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন বলে হুঁশিয়ারি দেন। তিনি জানান যে কমিশনে তিনি আর্জি জানাবেন যাতে ভবানীপুর উপনির্বাচনে কালীঘাট ও ভবানীপুর থানার পুলিশকে না কাজে লাগানো হয়।

আরও পড়ুন- ‘ইতিহাসে দিলীপদা অন্যতম সফল সভাপতি’, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ব্যাপক প্রশংসায় নবনিযুক্ত সুকান্ত মজুমদার

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর প্রচারে ভিড় দেখানোর জন্য সাদা পোশাকে পুলিশ জমায়েত করছে বলে দাবী তোলেন তিনি। এমনকি এও অভিযোগ করেন যে পুলিশ নাকি তাঁর উপর নজরদারি চালাচ্ছে।

আরও অন্যান্য খবর