আর জি করে দুষ্কৃতীদের হামলার ঘটনায় পুলিশে কোনও অভিযোগই জানায় নি হাসপাতাল কর্তৃপক্ষ, কেন এমন গাফিলতি?

আর জি করে আন্দোলনকারী চিকিৎসকদের হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ করা হচ্ছে চারদিকে। কিন্তু এই বিষয়ে যেন কোনও ভ্রুক্ষেপই নেই খোদ হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনার কোনও অভিযোগই দায়ের করেনি হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই খবর। কর্তৃপক্ষের এমন গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন।

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গত বুধবার মধ্যরাতে রাস্তা দখলের কর্মসূচি নেন রাজ্যের মহিলারা। রাস্তার নেমে প্রতিবাদ জানানো হয়। এদিন এই কর্মসূচির মাঝেই আর জি করে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। আর জি করে বিক্ষোভরত চিকিৎসকদের উপর করা হয় হামলা। ভাঙচুর করা হয় জরুরি বিভাগে। লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট করা হয়। কিন্তু এই ঘটনায় কোনও পদক্ষেপই করল না হাসপাতাল কর্তৃপক্ষ।

সেদিন রাতে হামলা চালানো হয়েছিল পুলিশের উপরেও। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কোনও অভিযোগ না করলেও উল্টোডাঙা, শ্যামপুকুর ও টালা থানায় তিনটি আলাদা সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছে। এই তিন মামলায় একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কেন হাসপাতাল এই বিষয় নিয়ে ওয়াকিবহাল নয়, তা নিয়ে উঠছে প্রশ্ন। এমন এক ঘটনার পরও কীভাবে কোনও পদক্ষেপ নিল না হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতালের একটি সূত্রের দাবী, পুলিশ যেহেতু সুয়োমোটো মামলা দায়ের করেছে, সেই কারণে আর আলাদা করে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। যদিও বিভিন্ন মহলেও এই নিয়ে প্রশ্ন উঠেছে।          

এই বিষয়টি জানার পর হতবাক আর জি করে আন্দোলনকারী চিকিৎসকরাও। তাদের কথায়, “হামলার সময় পুলিশ পালিয়ে গেল। হাসপাতাল কর্তৃপক্ষও থানায় কোনও অভিযোগ দায়ের করল না। আমাদের সুরক্ষার অবস্থাটা তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে? আমরা কি জঙ্গি? ৬দিন না খেয়ে সহপাঠীর বিচার চাইছি। এটাই কি আমাদের অপরাধ! ৩৬ ঘণ্টা ডিউটি দেওয়ার পর একজন মহিলা ডাক্তারকে রেপ হতে হয়, তারপরও কর্তৃপক্ষ যে এ ব্যাপারে কতখানি উদাসীন তা তো এঘটনা থেকেই স্পষ্ট”।

RELATED Articles