ভাঙন যেন তৃণমূলের পিছু ছাড়ছে না। নিত্যদিন ভাঙন লেগেই চলেছে। ফের তৃণমূল ছাড়ছেন এক প্রভাবশালী নেতা। সিঙ্গুরের মাস্টারমশাই ওরফে রবীন্দ্রনাথ ভট্টাচার্য আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, যা তৃণমূলের জন্য অশনি সংকেতও হতে পারে বলে মনে করা হচ্ছে।
সিঙ্গুর আন্দোলনের প্রধান মুখ ছিলেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও বেচারাম মান্না। দু’জনেই খুব বড় মাপের নেতা। তবে সম্প্রতি, এই দুই নেতার মধ্যে মতবিরোধ দেখা গিয়েছে। এই দুই বিধায়কের মধ্যেকার ঝামেলা মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে। আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল থেকে সিঙ্গুর থেকে প্রার্থী করা হয়েছে বেচারাম মান্নাকে। টিকিট পাননি মাস্টারমশাই। তবে তিনি আগেও বলেছিলেন যে তিনি যদি টিকিট না পান, তাহলে তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবেন।
আরও পড়ুন- আজই বিজেপিতে সোনালী, টিকিট না পেয়ে মমতার একসময়ের ‘ছায়াসঙ্গী’ এবার গেরুয়া শিবিরের ছত্রছায়ায়
কিছুমাস আগে হুগলিতে একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেই সময় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, যদি শুভেন্দু তাঁকে ডাকে, তাহলে তিনি অবশ্যই বিজেপিতে যোগ দেবেন। তিনি এও বলেছিলেন যে তৃণমূল তাঁর বাবাকে যোগ্য সম্মান দেয়নি। সেই সময় থেকেই জল্পনা তৈরি হয় যে এবার হয়ত মাস্টারমশাইও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। বিজেপিতে যোগ দিতে চলেছেন মাস্টারমশাই ওরফে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। শোনা যাচ্ছে যে তিনি আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে ভোটেও দাঁড়াতে পারেন।





