ভোটের উত্তাপের মাঝেই বেআইনি অর্থলগ্নি সংস্থা ভিবজিওর-এর সম্পত্তি নিলামে তোলার প্রথম প্রক্রিয়া শুরু করা হল। আমানতকারীদের টাকা ফেরত দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বেশ কয়েক বছর আগে এই সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে রাজ্যের বেআইনি অর্থলগ্নি সংস্থা গুলির সম্পত্তি নিলাম করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চ।
তখনই কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ জানায়, যেভাবেই হোক আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি নিলামের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস সি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ। সেই কমিটির উদ্যোগেই সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতার ৮৭ নম্বর সুরেশ সরকার রোডে ভিবজিওর নামের এই অর্থলগ্নি সংস্থার বেশ কিছু সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-
সোমবার আমানতকারীদের পক্ষের আইনজীবী অরিন্দম দাস বলেন, “আপাতত কলকাতার সম্পত্তিগুলো নিলাম করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছে, আস্তে আস্তে রাজ্যের যে সমস্ত জায়গায় এই বেআইনী অর্থলগ্নি সংস্থার সম্পত্তি চিহ্নিত করা গিয়েছে সেগুলিও নিলাম করা হবে”। আমানতকারীরা নিজেদের বিনিয়োগের অর্থ ফেরত পাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
৩২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই বেআইনী অর্থলগ্নি সংস্থার। শুধু কলকাতাতেই বেনিয়াপুকুর, এন্টালি এবং পার্কস্ট্রিট থানার অন্তর্গত তিনটি জায়গায় সম্পত্তি রয়েছে ভিবজিওরের। সূত্রের খবর পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডের মত বেশ কিছু প্রতিবেশি রাজ্যেও এই চিটফান্ড সংস্থার বেশ কিছু সম্পত্তি ছড়িয়ে রয়েছে। চিটফান্ড কাণ্ডের তদন্তে নেমে এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।





