পুজোর আগে যে বৃষ্টি হবে রাজ্যে, তেমন কোনও পূর্বাভাস ছিল না। কিন্তু আচমকাই হাওয়া বদল। সোমবার থেকেই বদলে গেল আবহাওয়া। জোড়া নিম্নচাপের জেরে বঙ্গে শুরু বৃষ্টি। পুজোর সময়ও কী বৃষ্টিতে ভাসবে শহর? কী যাচ্ছে হাওয়া অফিস?
জানা গিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় যে জোড়া ঘূর্ণাবর্ত ছিল তা গতকাল, মঙ্গলবার নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা এগিয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আর এর জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টি শুরু হয়েছে। বাংলা, বিহার, ও ঝাড়খণ্ডে শুরু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
দক্ষিণবঙ্গের নানান জেলায় গত সোমবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছিল। মঙ্গলবারও তেমনই ছিল পরিস্থিতি। আর আজ, বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় এমনই বৃষ্টি হবে বলে জানিয়েছে। আবার বেলা বাড়লে বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগণা, মেদিনীপুর, বীরভূম, হুগলি ও দুই বর্ধমানে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদি পরবর্তীতে বৃষ্টির পরিমাণ না বাড়ে, তাহলে তা বন্ধ হবে না। জানা গিয়েছে, অক্টোবর মাসের শুরুর দিকেও এমনই বৃষ্টির পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ সব জেলাতেই চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি চলবে বলে খবর।
আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাদসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ।





