শুরু ‘দানা’র প্রভাব! সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে দোসর বৃষ্টি, কোথায় কেমন বৃষ্টি হবে?

ক্রমেই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ‘দানা’। ঘূর্ণিঝড়ের জেরে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। সকাল থেকেই আবহাওয়া জানান দিচ্ছে, ‘সে’ আর বেশি দূরে নয়। কারণ সূর্যমামার দেখা মেলেনি সকাল থেকেই। এদিকে শুরু ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া।

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতেও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।   

বেলা বাড়লে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটও বাড়বে বলে খবর। জানা গিয়েছে, ২৪ অক্টোবর রাত ৮টার পর থেকে ২৫ অক্টোবর সকাল ৮টার মধ্যে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। ওড়িশার ভিতরকণিকা ও ধামিরার মাঝে আছড়ে পড়বে ‘দানা’।  

ল্যান্ডফলের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঝড় ও বৃষ্টির দাপটও বাড়বে বলে জানাল আবহাওয়া দফতর। দিঘা, মন্দারমনি, বকখালি, কাকদ্বীপ-সহ নানান উপকূলবর্তী এলাকায় গতকাল থেকেই পর্যটকশূন্য করা হয়েছে। উপকূলবর্তী স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

অতীতে নানা ঘূর্ণিঝড়ের জেরে দিঘা বা সাগরদ্বীপে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। উপকূলবর্তী এলাকায় চলছে কড়া নজরদার। সমুদ্রের পাড়ের দোকানগুলিও সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles