অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর, রবিবারই বৃষ্টি নামছে কলকাতায়, কিন্তু এর আগে চরম তাপপ্রবাহে পুড়বে রাজ্য

গত কয়েকদিন যাবত প্রবল গরম ও দাবদাহের জেরে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তাপপ্রবাহের জেরে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। সকলের মুখে একটাই প্রশ্ন, বৃষ্টি কী আদৌ হবে? চাতক পাখির মতো বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ।

এমন আবহে দু’দিন আগে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে শনিবার থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন ঘটছে। দক্ষিণবঙ্গের আট জেলায় শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেয় হাওয়া অফিস। কিন্তু সেই তালিকায় ছিল না কলকাতা। তবে এবার কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

শনিবার ইদ। আর এই ইদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার এই আট জেলা ছাড়াও বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শুক্রবার থেকে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

কলকাতায় বৃষ্টি হবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি চলছে। সেখানেও অব্যাহত থাকবে বৃষ্টি। বৃষ্টির পর জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। কলকাতায় শুক্রবার বেলার দিকে অথবা শনিবার আবহাওয়ার বদল হবে। আংশিক মেঘলা আকাশ। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ এবং কাল তাপপ্রবাহের মতো পরিস্থিতি কলকাতাতে বজায় থাকবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।

তবে বৃষ্টির স্বস্তির আগে তাপপ্রবাহ পুড়বে বাংলা। আজ, বৃহস্পতিবারও উত্তরবঙ্গের তিন জেলা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। পশ্চিমের জেলাগুলিতে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, ও ঝাড়গ্রাম। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বঙ্গে।

RELATED Articles