বল ভেবে হাতে নিতেই বিস্ফোরণ, মৃত্যু শিশুর, তৃণমূলের খেলা শুরু হয়েছে, কমিশনে অভিযোগ রাজীবের

রাস্তার পাশে পড়েছিল গলাকার বস্তুটি। শিশুটি ভেবেছিল বল। তা নিতেই একটা বিস্ফোরণ, সব শেষ। ছিন্ন-ভিন্ন হয়ে গেল একটি ফুলের মতো প্রাণ। সোমবার এই ভয়ানক ঘটনাটি ঘটেছে বর্ধমানের রসিকপুরে। একটি শিশুর মৃত্যুর পাশাপাশি অন্য একটি শিশু গুরুতর জখমও হয়েছে। তাদের দু’জনেরই বয়স পাঁচ।

বর্ধমানের এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গেলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্য আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। এরপর বেরিয়ে এসে বলেন, তৃনমূল যে বলছে খেলা হবে, সেই খেলা শুরু হয়ে গিয়েছে। বাংলায় পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল যে কাজ করেছিল, বিধানসভা ভোটেও সেই একই কাজ করতে চাইছে তারা, এমনটাই দাবী রাজীবের। এই কারণেই বোমা মজুত করে রাখা হয়েছে যার জেরে এক নিরীহ শিশুর প্রাণ গেল।

আরও পড়ুন- নির্বাচনের প্রাক্কালে ফের দলবদল! ৫০-এর অধিক তৃণমূল কর্মী-সমর্থক এখন বিজেপিতে 

এদিনের এই ঘটনার জরুরী ভিত্তিতে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। প্রাথমিকভাবে প্রকাশিত কমিশনের এই রিপোর্টে বলা হয়েছে যে, রাস্তার ধারে তাজা বোমা রাখা ছিল। সেই সুতো জড়ানো বমাকে বল ভেবে তোলে এক পাঁচ বছরের শিশু। হাতে নিতেই হয় ভয়ানক বিস্ফোরণ। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার সঙ্গে আরও একটি শিশু ছিল। সেই শিশুটিও গুরুতর জখম হয়েছে। মৃত শিশুর নাম শেখ ইব্রাহিম ও আহত শিশুটির নাম শেখ আফরোজ।

গত রবিবার ভোটের প্রচারে গিয়ে রাজীবের মিছিলেও হামলা হয়। এদিন সেই কথা কমিশনকে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “আমি কমিশনকে বলেছি তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করছে। ভোটারদের ভয় দেখাচ্ছে। যেখানে প্রচারে যাচ্ছি, সেখানে গুন্ডাবাহিনী তেড়ে আসছে। ইট, পাটকেল ছুঁড়ছে, রাস্তা আটকে দিচ্ছে”। এই হামলার ভিডিও ফুটেজ ও ছবি কমিশনে জমা করেছেন রাজীব।

আরও পড়ুন- বাবুল সুপ্রিয়র কনভয়ে হামলা তৃণমূল কর্মী-সমর্থকদের, রণক্ষেত্র টালিগঞ্জ

এদিনের বর্ধমানের এই শিশু মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ ছড়িয়েছে গোটা এলাকায়। রাস্তার উপর পরে রয়েছে চাপ চাপ রক্ত। সব মিলিয়ে আসন্ন ভোট যে আদৌ কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

আরও অন্যান্য খবর