বিজেপি করার ‘শাস্তি’! বন্ধ করে দেওয়া হল পানীয় জল, নেই ইলেকট্রিক, বিক্ষোভ এলাকাবাসীর

বিরোধী দলকে সমর্থন করায় নানান হেনস্থার মুখে পড়তে হচ্ছে, হুমকি শুনতে হচ্ছে, এমন ঘটনার নজির আগেও দেখা গিয়েছে। আর এবারও ঘটল তেমন ঘটনা। বিজেপি সমর্থক হওয়ায় গ্রামে ঢোকানো হচ্ছে না পানীয় জলের পাইপ, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল ছড়িয়েছে। বিরোধী দলের নেতারা তোপ দেগেছেন তৃণমূলকে।

কোথায় ঘটেছে এই ঘটনা?

ঘটনাটি ঘটেছে বারুইপুরের শিখরবালি পঞ্চায়েতের চন্দরপুকুর এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার ১৫টি পরিবার বিজেপির সমর্থক। সেই কারণেই ওই এলাকায় ইলেকট্রিক ঢুকছে না, রাস্তা হচ্ছে না, পানীয় জলের পাইপ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রত্যেক বাড়িতে পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছিল বটে কিন্তু তা মাঝপথেই থামিয়ে দেওয়া হয়েছে বলে দাবী বাসিন্দাদের। অভিযোগ, ওই এলাকার লোকজন বিজেপি করেন বলেই এমনটা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এই ঘটনায় বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। জলের পাইপ বসানোর কাজ অবিলম্বে শুরু করা হোক, এমনটাই দাবী তাদের।   

এই ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “বিধানসভার যে স্পিকার বড় বড় কথা বলেন, নীতি, নৈতিকতার কথা বলেন তাঁর এলাকা এটা। এলাকার লোকজনের অপরাধ তাঁরা বিজেপি করেন। সে কারণেই এত কাণ্ড। কিন্তু, বাড়ি বাড়ি পানীয় জলের জন্য ১৯ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকার। তারপরেও এই অবস্থা”। 

এই ঘটনা প্রসঙ্গে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বক্তব্য, “আমি শুনলাম ঘটনাটি। বিশদে জানব। যদি হয় তাহলে ১৫টা পরিবারকে নিয়ে লড়াই করব। তাঁদের প্রাপ্য জিনিস তাঁরা পাবেন না কেন? বিরোধী দল করে বলে তাঁরা জল পাবে না”? 

 তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। পঞ্চায়েত প্রধান মেনোকা নস্কর বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মুখ্যমন্ত্রী তো বলেছেন সব বাড়িতে জলের কানেশন যাবে। তাই জল যাবেই। যে জায়গায় জলের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত মালিকানার জায়গা। তাই সমস্যা হয়েছে”। 

RELATED Articles