নিজের পদ থেকে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। এদিন পদত্যাগ কালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বেশ চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন তিনি।
অধীরকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে রোহন তাতে লেখেন, “আপনাকে ঘিরে থাকা চামচারা আপনার অধঃপতন ডেকে এনেছে। এর জেরে দলের অধপতনও ডেকে এনেছে তারা”। রোহন এমনটাও বলেন যে রাজ্যে কংগ্রেসের মান এতটাই নীচে নেমে গিয়েছে যে সেখান থেকেও আর উঠে দাঁড়ানো সম্ভব নয়।
আরও পড়ুন- পিএসির চেয়ারম্যান পদ নিয়ে রাজ্য সরকার রাজনীতি করছে, রাজ্যপালের কাছে অভিযোগ শুভেন্দুর
এদিনের চিঠিতে রোহন উল্লেখ করেছেন যে অধীরের সভাপতিত্বে কীভাবে মিত্র পরিবার বারবার উপেক্ষিত হয়েছে। তাদের পরিবারকে অপমানিতও করা হয়েছে। রোহন এও বলেন যে সোমেন মিত্র সভাপতি থাকাকালীন যখন তিনি যুব কংগ্রেসের নির্বাচনে লড়েছিলেন, সেই সময় তাঁকে জোর করে হারানো হয়েছিল।
তবে এত তোপ দাগলেও, রোহন বিশ্বাস করেন যে রাজ্য কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য অধীর চৌধুরী যোগ্য। তবে অধীরের সংগঠন চালানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রোহনের মতে, দলের সংগঠনে সংশোধন আনা প্রয়োজন। তবে রোহন এও স্পষ্টভাবেই জানিয়ে দেন যে ভবিষ্যতে অধীরের ডাকা কোনও বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না।
আরও পড়ুন- কলকাতায় আয়োজিত হল পেট্রোপণ্যের শ্রাদ্ধানুষ্ঠান, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত নরেন্দ্র মোদী
এটাই প্রথমবার নয়, এর আগেও নির্বাচনের আগে অধীরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রোহন। সেই সময় তিনি অভিযোগ করেন যে উত্তর কলকাতায় কংগ্রেস বলে আর কোনও দলই নেই। সব তুলে দেওয়া হয়েছে। তিনি এও বলেন যে তাঁর বাবা বেঁচে থাকলে এমনটা একেবারেই ঘটত না।





