আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোট। ৪ জেলার ৪৩টি আসনে ভোট হচ্ছে আজ। এদিনও অন্যান্য দফার মতোই উত্তপ্ত হল রাজ্যের নানান এলাকা। সকাল থেকেই এদিন বিভিন্ন প্রান্ত থেকে নানান বিক্ষোভের খবর ভেসে আসছে। কোথাও কোনও কর্মীর বাড়িতে হামলা তো কোথাও আবার প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, আবার কোথাও বা পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়া। এসব অভিযোগে জেরবার রাজ্য।
এসবের মধ্যেই খবর পাওয়া গেল, জগদ্দলে তৃণমূলের সাত বুথ এজেন্ট নিখোঁজ। এই ঘটনায় গেরুয়া শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এই ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।
আরও পড়ুন- বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন
আবার, অন্যদিকে, হালিশহরে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ছুরি চালানোর অভিযোগও উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন বীজপুর এলাকার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, কেতুগ্রামের ব্রাহ্মণডিহি গ্রাম থেকে অভিযোগ এসেছে যে তৃণমূলের লোকজন বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করেছে।
শুধু তাই-ই নইয়, মঙ্গলকোটের বারোগ্রাম নয় নম্বর বুথের তৃণমূলের এজেন্টকে গুরতর মারধরের অভিযোগ উঠল। এমনকি, সেই এজেন্টের মাথা ফেটে গিয়েছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে, আউশগ্রামের শিবদা গ্রামের তিনটি বুথের বাইরে ব্যাপক ঝামেলার খবর উঠে আসছে। সেখানে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। সব মিলিয়ে ষষ্ঠ দফার ভোটে পরিস্থিতি হয়ে উঠেছে রণক্ষেত্র।
আরও পড়ুন- তিনদিন পর আমার সরকার আসবে, তখন দেখব আপনি কত বড় অফিসার, পুলিশকে হুমকি তৃণমূল নেতার
প্রসঙ্গত, এই দফায় উত্তর ২৪ পরগনার ১৭টি, উত্তর দিনাজপুরের ৯টি, নদীয়ার ৯টি, পূর্ব বর্ধমানের ৮টি আসন মিলিয়ে মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ চলছে। একাধিক হেভিওয়েট-তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ। উল্লেখ্য, বেলা ১১টা পর্যন্ত এরাজ্যে মোট ভোট পড়ল ৩৭ শতাংশ।





