রাষ্ট্রপতির সফরের আগেই উত্তপ্ত বিশ্বভারতী, উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি, শোকজ করা হল একাধিক অধ্যাপককে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (VC Bidyut Chakraborty) বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের ক্ষোভ দীর্ঘদিনের। এ নিয়ে আগেও নানান ঘটনা ঘটেছে। এবার বিশ্বভারতীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সফরের আগেই নতুন করে সেখানে উত্তেজনা ছড়াল।

এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন অধ্যাপকদের একাংশ। এর জেরে একাধিক অধ্যাপককে শোকজ করা হয়েছে বলে অভিযোগ। সেই প্রতিবাদে এবার বিশ্বভারতীর উপাচার্যকে অপসারণের দাবী জানিয়ে ফের রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিলেন বিদ্বজনেরা।

আজ, মঙ্গলবার বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। এই অনুষ্ঠানের আগেই শোকজ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকদের।

সূত্রের খবর, ওই অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতির কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতিকে। এই কারণেই তাদের শোকজ করা হয়েছে বলে দাবী ওই অধ্যাপকদের। গতকাল, সোমবার বিদ্বজনেরা যে খোলা চিঠি লিখেছেন রাষ্ট্রপতিকে, তাতে বিশ্ববিদ্যালয়ের অবস্থার কথা জানানোর পাশাপাশি উপাচার্যকে অপসারণ করার দাবীও জানানো হয়েছে।

জানা গিয়েছে, এই চিঠিতে সই করেছেন মনোজ মিত্র, কবীর সুমন, জয় গোস্বামী, সুবোধ সরকার, গৌতম ঘোষ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে দড়ি টানাটানি চলছে। এমনকি, আদালতে দায়ের হওয়া একাধিক মামলার কথাও রয়েছে এই চিঠিতে।

RELATED Articles