‘কিছু হয় করুন, নাহলে চুপ থাকুন, বাংলার মানুষ আর টুইট দেখতে চায় না’ রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ শমীক ভট্টাচার্যের

রাজ্যে ঘটে চলেছে একের পর এক খুন ও ধ’র্ষ’ণের ঘটনা। এর জেরে রাজ্যের আইনশৃঙ্খলা যে তলানিতে ঠেকেছে, তেমন অভিযোগ বিজেপি বরাবরই করে এসেছে। এবার এমন আবহে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নজিরবিহীন আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, “বাংলার মানুষ আর ওনার টুইট দেখতে চায় না। হয় কিছু করুন। নইলে চুপ করে থাকুন”। শমীক ভট্টাচার্যের এই মন্তব্য থেকে বেশ স্পষ্ট যে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি চলছে, তাতে রাজ্যপালের ভূমিকায় বিজেপি মোটেই সন্তুষ্ট নয়।

এদিন শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যপাল বারবার বলছেন, রাজ্যে আইনের শাসন নেই। বিরোধীরা ভীত, সন্ত্রস্ত। রাজ্য সরকার নিয়ম মেনে চলছে না। এগুলো শুনে শুনে রাজ্যের মানুষ ক্লান্ত। তিনি তো কিছু করতে পারেন। করছেন না। রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা। হয় তিনি রক্ষা করুন। নইলে চুপ থাকুন। শুধু শুধু রাজ্য সরকারের সঙ্গে কেন বিবাদে জড়াচ্ছেন? রাজ্যের মানুষ ওনার টুইট আর দেখতে চায় না”।

এই প্রথম রাজ্যপালের ভূমিকা নিয়ে বিজেপির তরফে কোনও কড়া মন্তব্য করা হল। রাজ্যের কোনও পরিস্থিতিতে বিজেপির হয়ে অর্ধেক কাজ রাজ্যপাল জগদীপ ধনখড়ই করে দেন বলে ধরা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি মুখপাত্রেরই রাজ্যপালের প্রতি এমন সম্ভাষণ, এ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিকে গতকাল, সোমবার, হাঁসখালি ধ’র্ষ’ণকাণ্ড নিয়ে শাসকদলের প্রতি অভিযোগ জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই বিজেপিরই মুখপাত্র রাজ্যপালের বিরুদ্ধে এমন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে।

RELATED Articles