মা শব্দটার মধ্যে কত অনুভূতি, কত কষ্ট, কতই না ত্যাগ লুকিয়ে থাকে। কোনও শিশুর মুখ থেকে প্রথম উচ্চারিত শব্দই হয় মা। হবে না-ই বা কেন, মায়ের সঙ্গে যে শিশুর নাড়ির টান। মায়ের ঋণ কী আর কখনও শোধ করা সম্ভব। কিন্তু ওই যে কথায় আচগে, কুসন্তান! সেই কারণেই হয়ত মাকেও নিজের হাতে খুন করতে হাত কাঁপে না তাদের। এমনই এক ঘটনা ঘটল এই বাংলায়।
মা-কে খুন করল খোদ ছেলে। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মালদহের হবিবপুরে। জানা গিয়েছে, মৃতার নাম আরতি সিংহ। বয়স ৫৫ বছর। তাঁর ছেলে চয়ন পেশায় শ্রমিক। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার মা-ছেলের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। তারপরই জানা যায়, খুন হয়েছেন আরতিদেবী।
কী ঘটেছিল ঘটনাটি?
জানা গিয়েছে, মায়ের থেকে ২০ টাকা চেয়েছিল চয়ন। তবে আরতিদেবী তা দিতে পারেন নি। এই নিয়েই মা-ছেলের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। ধীরে ধীরে তা মারাত্মক আকার ধারণ করে। সেই সময় আচমকাই এক কুড়ুল দিয়ে আরতিদেবীর মাথায় আঘাত করে চয়ন।
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আরতিদেবী। মাথা থেকে বেরোনো রক্তে ভেসে যায় ঘর। ঘটনার কথা জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় জমায় ওই বাড়ির সামনে। চয়নকে ধরে রাখেন স্থানীয়রা। ঘরের ভেতর বেঁধে রেখে মারধর করা হয় তাকে। খবর দেওয়া হয় হবিবপুর থানায়।
খবর পেয়ে দ্রুত পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। প্রথমে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পরে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। মাত্র ২০ টাকার জন্যই এভাবে মা-কে খুন নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবী করেছে এলাকাবাসী।





