আজ, রবিবারই যায় যে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর বেহালার পর্ণশ্রীর মহারানি ইন্দিরা দেবী রোডের বাড়িটি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনায় শোভন-জায়া তথা বিধায়ক রত্না চট্টোপাধ্যায় আগেই আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন। আর এবার পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও বাবার বিরুদ্ধে গর্জে উঠলেন।
তিনি বলেন, “বলা হচ্ছে আমাকে আর মাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর আমার বোনকে মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাড়িতে থাকতে হবে। এমন কথা বলার সাহস কোথা থেকে পান ওঁরা। তাই আমার মনে হয় শোভনবাবুকে অ্যসাইলামে পাঠানো উচিত”।
তিনি আরও বলেন, “যাঁকে শোভনবাবু বাড়ি বিক্রি করেছেন, তাঁর যদি ক্ষমতা থাকে আমাদের বাড়ি থেকে বার করে দেখান। বোনের মাত্র ১৭ বছর বয়স, কথা বলার সময় ভাবা উচিত বোনের উপর মানসিক চাপ পড়তে পারে। কিন্তু এখন ওঁর এ সব কথা ভাবার মতো মানসিকতা নেই”।
শোভনপুত্রের কথায়, “পর্ণশ্রীর বাড়িটি শোভনবাবু করেননি। এটা তাঁর পৈত্রিক বাড়ি। কী ভাবে কেউ নিজের পৈতৃক বাড়ি বিক্রি করতে পারেন?” শোভন-বৈশাখীর নানান কার্যকলাপকে সার্কাস বলে আখ্যা করেন সপ্তর্ষি। তিনি বলেন, “আমার নিজের প্রোডাকশন রয়েছে। প্রতিদিন সকালে কাজে যাই, রাতে ফিরি। আর মা সেইসব দায়িত্ব পালন করছেন, যা শোভনবাবু অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিলেন। বিধায়ক ও কো-অর্ডিনেটরের দায়িত্ব তাঁর কাঁধে। আমাদের আজেবাজে লোকেদের কথায় কান দিলে চলে না”।
আরও পড়ুন- ‘কত নোটিশ পাঠাবেন পাঠান, ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে’, ভবানীপুরে সুর সপ্তমে চড়িয়ে তোপ অভিষেকের
সপ্তর্ষির কথায়, “শোভনবাবু একসময় বিখ্যাত লোক ছিলেন। খুব ব্যস্ত থাকতেন, কিন্তু এখন তো আর কোনও কাজ নেই। তাই মাঝে মাঝেই আমাদের বিরুদ্ধে কিছু করে প্রচারের আলোয় ভেসে থাকতে চাইছেন। আমাদের কাছে ওঁদের এইসব কাণ্ড সার্কাস বলেই মনে হয়”।





