Sovon attacks Kunal: মুখ খুলছেন ‘বিজেপির’ শোভন! কুণাল ঘোষকে পকেটমার আখ্যা দিলেন এই তৃণমূল ত্যাগী

ধীরে ধীরে বিজেপি নেতাদের মত কথা বলা শুরু করছেন শোভন চট্টোপাধ্যায়। গেরুয়া শিবিরে ঢোকার এতদিন পর্যন্ত‌ও নিষ্প্রভ দেখা যেত এই তৃণমূল ত্যাগী নেতাকে। তবে এবার প্রাক্তন দলের বিরুদ্ধে যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে ব্যাটিং করছেন শোভন।

নিজের বক্তব্যে এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে সোজাসুজি ‘পকেটমার’ বলে বসলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তিনি একথা বলেন। এদিনের সাংবাদিক বৈঠকে কলকাতা জোনের ৫১টি আসনেই বিজেপি জয়লাভ করবে বলে দাবি করেন তিনি। এক‌ই সঙ্গে আত্মবিশ্বাসী গলায় জানান, এবার তৃণমূলের পতন নিশ্চিত।

তিনি বলেন, ‘২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে যে ২টি জেলা সিপিএমের বিরুদ্ধে মাথাচাড়া দিয়েছিল তা হল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। তখন দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে ছিলাম আমি। আর পূর্ব মেদিনীপুরে শিশিরবাবু। আমি দল ছেড়েছি। অধিকারীদের সঙ্গেও দলের সম্পর্ক ভাল নয়। বিধানসভা নির্বাচনের পর সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের।’

প্রসঙ্গত উল্লেখ্য, এককালে সতীর্থ থাকলেও শোভনের বিজেপি যোগদানের পর সম্প্রতি তৃণমূল ত্যাগী বিজেপি নেতার বিরুদ্ধে চিটফান্ডে জড়িত থাকার অভিযোগে সরব হয়েছেন কুণাল। দাবি করেছেন, আইকোরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শোভন। এমনকী তাঁকে গ্রেফতারের দাবিতেও সরব হয়েছেন তিনি। বলেছেন, গ্রেফতারি এড়াতেই বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

এদিন সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘আপনারা জানেন বাসে পকেটমার ধরা পড়লে সে অন্য লোককে দেখিয়ে পকেটমার বলে দাবি করতে থাকে। এক্ষেত্রেও ঘটনা ঠিক একই রকম। কুণাল ঘোষ অভিযুক্ত। তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। সারদা মিডিয়ার সিইও হিসাবে মোটা টাকা মাইনে নিতেন। এরকম একটা পকেটমারকে মুখপাত্র করেছে তৃণমূল।’ তাঁর প্রশ্ন, ‘চিটফান্ত কেলেঙ্কারির পর সাত বছর কেটে গিয়েছে। আমি বিজেপিতে যোগদানের পরেও ১৪ মাস কেটেছে। এখন কুণালের এসব কথা মনে পড়ছে?’

RELATED Articles