রেশন নিয়ে রাজনীতি করলে বন্ধ করে দেওয়া হবে দোকান, হুঁশিয়ারি নবান্নের

শেষ কয়েকদিন ধরেই রেশন নিয়ে রাজ্যে রাজনীতির অভিযোগ উঠেছে। তাই রাজ্যে রেশন ব্যবস্থাকে সুস্থ স্বাভাবিক রাখতে এবার কড়া হল রাজ্য। যেভাবে রাজ্যজুড়ে রেশন বন্টনে নানান অভিযোগ আসছে তাতে রেশন দেওয়া বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। আজ নবান্নে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

অভিযোগ, কয়েকটা রেশন দোকানে রাজনীতির অভিযোগ উঠেছে। সেখানে নেতারা রেশন দিতে বাধা দিচ্ছেন। যার জন্য মানুষ সঠিকভাবে রেশন পরিষেবা পাচ্ছে না। আর এই খবর নবান্নে পৌঁছতেই ক্ষুব্ধ সরকার। তাই আজ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলল কড়া হুঁশিয়ারি। নবান্নে সূত্রে খবর, যেখানে রাজনৈতিক নেতারা রেশন বণ্টনে বাধা দান করবে, সেখানে রেশন দোকান বন্ধ করে দেওয়া হবে। আর একবার যদি রেশন দোকান বন্ধ হয় তবে আবার কবে খুলবে তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে রাজ্য।

প্রসঙ্গত, দেশব্যাপী করোনার জেরে এখন লকডাউন অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে দিনমজুরদের জীবিকাও বিধ্বস্ত হয়েছে। টাকার যোগান না থাকায় বাড়িতে খাবারের অভাব। মানুষের এই দুর্দশা দূর করতেই রাজ্যের মানুষকে আগামী ৬ মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন অভিযোগ আসছে, সেই রেশন নিয়ে কারচুপির। বিভিন্ন জায়গায় রেশন সামগ্রী নিয়ে কালোবাজারিও করা হচ্ছে বলে অভিযোগ এসেছে। এমনকি সরকার নির্ধারিত পরিমাণের থেকে কম দেওয়ার অভিযোগও সামনে এসেছে।

এত অভিযোগ আসার পর রেশনে কালোবাজারি রুখতে রাতারাতি পাল্টে গেছে খাদ্যসচিব। পাশাপাশি রেশনে চাল ও গমের পরিবর্তে সবাইকেই ৫ কেজি করে চাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রেশনের চাল মজুত করার অভিযোগ উঠছে। সে কারণেই রেশন নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য।

RELATED Articles

Leave a Comment