জল্পনা একপ্রকার ছিলই। একুশের বিধানসভা নির্বাচনের পর বেশ বড়সড় রদবদল ঘটল রাজ্যে বিজেপিতে। রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে। তাঁর বদলে এই দায়িত্ব দেওয়া হল বালুরঘাটর সাংসদ সুকান্ত মজুমদারকে।
আজ, মঙ্গলবার সকালেই বালুরঘাট থেকে কলকাতা আসেন সুকান্ত মজুমদার। সোজা তিনি যান বিজেপির সদর দফতরে। সেখানে তাঁকে তাঁর নতুন পদের জন্য সংবর্ধনা জানানো হয়। সকল কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
এদিন সুকান্ত মজুমদার বলেন, “আপনাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আগামীদিনে পশ্চিমবঙ্গকে আফগানিস্তান হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যে লড়াই আপনারা লড়ছেন, সেই লড়াই আগামী দিনেও যেন চালু থাকে। আমাদের ১৯০ জন প্রাণ দিয়েছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এখনো তৈরী আছেন… Talibanisation চলছে পশ্চিমবঙ্গে, এর বিপক্ষে আমাদের যে লড়াই সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে”।
তাঁর এই বক্তব্যের পরই তৃণমূল নেতৃত্বের তরফে ক্ষোভ জাহির করা হয়। তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আসল তালিবান বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে পশ্চিমবঙ্গে বাকস্বাধীনতার অধিকার খর্ব হয় না, তাই সুকান্ত মজুমদার এমন কথা বলতে পেরেছেন। কিন্তু উত্তর প্রদেশ এবং ত্রিপুরায় বিরোধী স্বরকে দমিয়ে দেওয়ার কথা মনে করিয়ে দেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে সুকান্ত মজুমদার একজন ডাক্তার, তাই তিনি ভেবেছিলেন সুকান্ত একজন শিক্ষিত মানুষ, কিন্তু আসলে তিনি দিলীপ ঘোষের বক্তব্যের থেকেও নিকৃষ্ট মানের কথা বলছেন বলে দাবী কল্যাণের।
আজ সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে দিলীপ ঘোষের পূর্বে করা ‘গরুর দুধে সোনা’ এই মন্তব্যের ব্যাখ্যাও দেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “একটা খাবার খেলে আয়রণ বাড়ে। তার মানে এই নয় যে, আয়রণ দিয়ে টিএমটি বার বানিয়ে আপনি বাড়ি বানাবেন। সোনা পাওয়া যায় মানে গয়না বানানো যায়, এমন নয়। মিলিকিউলার লেভের কথা বলেছিলেন দিলীপদা। অতিরঞ্জিত করে আমাদের যারা রাজনীতির বিরোধী, তারা অন্যভাবে প্রকাশ করেছেন। বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল”।
সালটা ২০১৯। তখন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি। বর্ধমানে গাভীকল্যাণ সমিতির এক সভায় যোগ দেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষ সেদিন বলেছিলেন, “গরুর দুধে সোনার ভাগ থাকায় হলুদ রং হয়। দেশি গরুর কুঁজে থাকে স্বর্ণনাড়ি”। তাঁর এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়াতে নানান হাস্যকর মিমও বানানো হয়েছিল সেই সময়।





