জনপ্রিয় গান মানিকে মাগে হিতে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং। সকলেই এখন এই গানের সুরে মাতোয়ারা। জনপ্রিয় এই গানের গায়ক শ্রীলঙ্কান সংগীতশিল্পী ইয়োহানি। গানের সুরে বলিউড তারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত সকলেই মজেছেন।
সোশ্যাল মিডিয়ায় ইয়োহানির জনপ্রিয়তা এখন তুঙ্গে। সিংহলি ভাষায় গাওয়া এই গানের দর্শক সংখ্যা ১০০ মিলিয়ন পার করে গেছে। কথায় বলে শিল্পীর এবং তার শিল্পের কোনো গণ্ডি হয় না। তাই এবার ইয়োহানি আসছেন ভারতে। প্রতিবেশী দেশে কনসার্ট করতে আসছেন তিনি।
কিছুদিন আগেই তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়।সেই সাক্ষাৎকারে গায়িকা জানান তিনি সুযোগ পেলে বলিউডে গান গাইতে চান। সেই কারণে ইতিমধ্যেই হিন্দি শিখতে শুরু করে দিয়েছেন তিনি।পছন্দের সঙ্গীত শিল্পী এ আর রহমান।তবে এবার ভারতে কনসার্ট করার আমন্ত্রণ পেলেন এই সিংহলি গায়িকা। ইয়োহানি আসছেন আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম ও ৩ অক্টোবর হায়দ্রাবাদে।

ইতিমধ্যেই সেই কনসার্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে। জি লাইভের নতুন প্ল্যাটফর্ম সুপারমুন হ্যাশট্যাগ নিউ ট্রেন্ডিংয়ের আয়োজন করা এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন তিনি।তার প্রোগ্রাম দিয়েই পথ চলা শুরু করবে এই প্ল্যাটফর্ম।
সংগীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা একাধিক ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন।একাধারে র্যাপার, গীতিকার, মিউজিক প্রোডিউসার আবার ইউটিউবারও।ভারতে কনসার্ট প্রসঙ্গে গায়িকা জানান ভারত থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আগামী কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড। ভারতে লাইভ পারফর্ম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’





