গতকাল, শুক্রবার আলিপুদুয়ারের (Alipurduar) বি এম ক্লাব ময়দান থেকে প্রতিবাদ মিছিল করে বিজেপি। প্রথমে এই মিছিলে না থাকলেও পরে এই মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর আলিপুরদুয়ার শহরে রেলের ফ্লাইওভারের পাশে রেলের মাঠে হয় বিজেপির প্রতিবাদ সভা যেখান থেকে রাজ্য সরকারকে ফের একবার তুলোধোনা করলেন শুভেন্দু। এদিনের এই প্রতিবাদ মিছিলে শুভেন্দু ছাড়াও ছিলেন বিধানসভায় বিজেপি দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা (Manoj Tigga), কালচিনির বিধায়ক বিশাল লামা (Vishal Lama), ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।
জানা গিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি আবার তৃণমূলও এখানেই পাল্টা মিছিল ও সভা করা হবে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, “আমরা বিজেপির পালটা কর্মসূচি নিয়েছি। ১৩ ফেব্রুয়ারি আমরা বিজেপি যেই দিক দিয়ে মিছিল করে সভা করেছে আমরা ওই স্থান দিয়েই মিছিল করে একই জায়গায় সভা করবো। ওই দিন আমরা আমাদের বক্তব্য বলবো। আমরা রাজ্য ভাগ চাই না। ৪৮ ঘন্টা বিজেপি নেতৃত্বকে সময় দেওয়া হয়েছিল এই বিষয়ে তাদের স্ট্যান্ড পরিষ্কার করার জন্য। তারা পারেনি”।
গতকাল, শুক্রবার বি এম ক্লাব থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল পৌঁছয় মাধব মোড়ে। সেখান থেকে এই মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর সেই মিছিল যায় আলিপুরদুয়ার শহরে রেলের ফ্লাইওভারের পাশে রেলের মাঠে। সেখানেই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। এই সভার প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। এই সভা থেকেই সদ্য দলবদল করা আলিপুরদুয়ারের বিধায়ককে কটাক্ষ শানান তিনি।
এদিনের এই সভা থেকে রাজ্য সরকারকেও তুলোধোনা করেন শুভেন্দু। তিনি বলেন, “একটি বোলেরো গাড়ি আর কিছু টাকার জন্য আপনি দল বদল করেছেন। ওই টাকা আপনি রাখতে পারবেন না। মাটির নিচে টাকা রাখলেও তা খুঁড়ে বার করব”।
এমনকি, জেলাশাসকদেরও কড়া হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বলেন, “কেন্দ্রীয় সরকার হাইওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণের জন্য টাকা দিচ্ছে। আর সেই টাকার সুদ জেলা শাসকরা মুখ্যমন্ত্রীর জেলা সফরের মচ্ছবে খরচ করছেন। আমি এই মঞ্চ থেকে জেলা শাসকদের হুশিয়ারি দিয়ে যাচ্ছি। এভাবে আপনারা এই টাকা খরচ করতে পারেন না”।
এদিন রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। বলেন, “ভারতীয় জনতা পার্টি কোনও দিন রাজ্য ভাগের কথা বলেনি। কেউ যদি এই বিষয়ে কিছু বলে থাকেন তাহলে তা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু উত্তরবঙ্গ বঞ্চিত। এটা আমরা বারবার বলছি”। এদিন শুভেন্দু এও ঘোষণা করেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর জন্য ‘বুথ চলো অভিযান’ করা হবে বিজেপির তরফে।





